লস এঞ্জেলেস

হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

ক্যালিফোর্নিয়ার হলিউডে একটি ৭-ইলেভেন দোকানের ভেতরে ১৮ বছর বয়সী এক তরুণীকে মারধর করে অচেতন করার অভিযোগ উঠেছে। হামলার পর তার গলার চেইনও ছিনিয়ে নেওয়া হয়েছে। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী ডেসটিনি ভালদেরামা জানান, গত শুক্রবার রাতে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে একটি কুইন্সেনিয়ারা অনুষ্ঠান থেকে ফেরার সময় এক নারী ও এক ব্যক্তি তাকে অনুসরণ করছিলেন। পরে তারা দোকানের ভেতরে ঢুকে তার ওপর হামলা চালান। ভালদেরামা বলেন, হামলার শুরুতেই তার গলার চেইন ধরে টান দেওয়া হয়। তখনই তিনি বুঝতে পারেন, হামলাকারীদের লক্ষ্য ছিল তার চেইন। নজরদারি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, পেছন থেকে আঘাত করে ভালদেরামাকে মাটিতে ফেলে দেওয়া হয়। এরপর সাদা রঙের হুডি পরা এক নারী তার চুল ধরে টানতে থাকেন। কিছুক্ষণ পর এক পুরুষও ওই হামলায় যোগ দেন। আবেগাপ্লুত ভালদেরামা বলেন, তিনি বারবার হামলাকারীদের কাছে অনুরোধ করেছিলেন—চেইন নিয়ে যেতে, কিন্তু তাকে যেন আর আঘাত না করা হয়। কিন্তু তার দাবি, তারা তার গলা চেপে ধরে এবং বারবার মাটিতে তার মাথা ঠুকে দেয়। একপর্যায়ে মাথায় আঘাত পাওয়ার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন বলে জানান। তাকে রক্ষা করতে এগিয়ে আসা তার কয়েকজন বন্ধুকেও হামলাকারীরা মারধর করেন। ভালদেরামা বলেন, জ্ঞান ফেরার পর তিনি দেখেন তার বন্ধুরা গুরুতরভাবে আহত। পরে তাদের কাছ থেকেই হামলার পুরো ঘটনা জানতে পারেন তিনি। হামলার পর তার গলা ও দুই হাতে আঘাতের চিহ্ন ও কালশিটে পড়ে। ভালদেরামা দাবি করেন, হামলাকারীদের সঙ্গে এর আগে তার কোনো ধরনের বিরোধ বা ঝামেলা ছিল না। ঘটনার পর তিনি ৭-ইলেভেনের এক কর্মচারীকে পুলিশে খবর দেওয়ার অনুরোধ করেন। তার দাবি, তিনি বারবার পুলিশ ডাকতে বললেও ওই কর্মচারী সহযোগিতা করেননি। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে ওই কর্মচারীকে পুলিশের প্রতিবেদনে সাক্ষী হিসেবে রাখার অনুরোধও করেছিলেন তিনি। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) জানিয়েছে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। হামলার ঘটনা তদন্তাধীন রয়েছে। ঘটনা নিয়ে ৭-ইলেভেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি। দোকানটির ম্যানেজারের সঙ্গেও কথা বলার চেষ্টা করা হলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

এলএবাংলাটাইমস/ওএম