লস এঞ্জেলেস

লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চার ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)। উপকূলের কাছে হারিকেন ‘মেরি’ অবস্থান করায় এ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্ক করা চার ঝুঁকি হলো—শক্তিশালী রিপ কারেন্ট ও বড় ঢেউ, উপকূলীয় এলাকায় জলাবদ্ধতা, বৃষ্টি এবং অতিরিক্ত উষ্ণ তাপমাত্রা। এনডব্লিউএস জানিয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত শক্তিশালী রিপ কারেন্ট ও বড় ঢেউয়ের ঝুঁকি ‘উচ্চ’ পর্যায়ে থাকবে। এতে সমুদ্রে সাঁতার কাটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। সমুদ্রসৈকতে যাওয়া মানুষদের লাইফগার্ডের কাছাকাছি সাঁতার কাটার এবং নিজেদের সক্ষমতার সীমা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পাথরের জেটির ওপর না ওঠারও নির্দেশনা দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলীয় এলাকায় বড় ধরনের ভাঙন এবং নিচু এলাকায় পানি ওঠার আশঙ্কাও রয়েছে। বিশেষ করে দক্ষিণমুখী সৈকত, বাইক চলাচলের পথ ও নিচু সড়কে অগভীর জলাবদ্ধতা তৈরি হতে পারে। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত অ্যাভালন, লং বিচ, মালিবু ও পয়েন্ট মুগু এলাকায় এ ঝুঁকি সবচেয়ে বেশি থাকবে বলে জানিয়েছে এনডব্লিউএস। এদিকে, রোববার হালকা বৃষ্টি ও বৃষ্টির ঝাপটা হওয়ার মাঝারি সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে আসবে। তবে বৃষ্টির কারণে বাইরের বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রম ব্যাহত হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও সড়কে গাড়ি চালানোও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এর পাশাপাশি পুরো উইকেন্ডজুড়েই তাপমাত্রা তুলনামূলক বেশি থাকবে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৯০ থেকে ৯৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। উপকূল থেকে দূরের এলাকাগুলোতে গরমের অনুভূতি বেশি হবে। আবহাওয়া দপ্তর স্থানীয় বাসিন্দাদের আশপাশের পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকতে এবং সরকারি কর্মকর্তাদের দেওয়া সতর্কতা ও নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে। আবহাওয়ার এই ঝুঁকিগুলোর পেছনে রয়েছে হারিকেন ‘মেরি’। ঝড়টি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে বেশ দূরে অবস্থান করলেও লেবার ডে উইকেন্ডজুড়ে এর প্রভাব এই অঞ্চলে পড়তে পারে। লস অ্যাঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টিতে শনিবার রাতের দিকে এবং রোববার বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। আগামী কয়েক দিনে ‘মেরি’ উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। একই সঙ্গে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

এলএবাংলাটাইমস/ওএম