ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে আসা একটি গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৭ বছর বয়সী এক শিশু আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে লেক ফরেস্টের ২৪১ টোল রোডে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের কর্মকর্তারা।
পুলিশ জানায়, ইরভাইনের বাসিন্দা ৫৭ বছর বয়সী নরমা হেরেরা একটি হোন্ডা এসইউভি চালিয়ে দক্ষিণমুখী লেনের বিপরীত দিকে অর্থাৎ উত্তরমুখী হয়ে যাচ্ছিলেন। এ সময় তার গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বিএমডি সেডানের সংঘর্ষ হয়।
বিএমডি গাড়িটি চালাচ্ছিলেন ৩৯ বছর বয়সী জোসেফ কাইল ম্যাসি। তিনি র্যাঞ্চো সান্তা মার্গারিটার বাসিন্দা ছিলেন। সংঘর্ষে হেরেরা ও ম্যাসি দুজনই নিহত হন। বিএমডি গাড়িতে থাকা ৭ বছর বয়সী এক মেয়ে শিশুকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে ভর্তি শিশুটির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। দুর্ঘটনার আগে ঠিক কী ঘটেছিল, তা এখনো স্পষ্ট নয়।
তদন্তকারীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় কোনো চালক মাদক বা অ্যালকোহলের প্রভাবে ছিলেন কি না, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।