লস এঞ্জেলেস

আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আর্কাডিয়া শহরে ১৫ বছর বয়সী সাবেক প্রেমিকাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ২০ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। পরে পাসাডেনা শহরে গিয়ে নিজেকেও গুলি করেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার পর্যন্ত তাঁর অবস্থা সংকটাপন্ন ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহত কিশোরীর নাম মিনা কুর্দিয়ান। অভিযুক্ত যুবকের নাম পল অ্যান্থনি ক্রুজ জুনিয়র।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফের দপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আর্কাডিয়ার ওয়েস্ট হান্টিংটন ড্রাইভের ৮০০ ব্লকের একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। অভিযোগ, ক্রুজ জোর করে ওই বাসায় প্রবেশ করে মিনা কুর্দিয়ানকে গুলি করেন। মেয়েটি পরিবারের সঙ্গে সেখানে বসবাস করত। গুলি চালানোর খবর পেয়ে আর্কাডিয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা গুলিবিদ্ধ অবস্থায় কিশোরীকে দেখতে পায়। পরে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যান। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ক্রুজের সঙ্গে নিহত কিশোরীর আগে প্রেমের সম্পর্ক ছিল। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্তকারীরা এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেননি। তাঁদের ধারণা, ঘটনার পেছনের পরিস্থিতি ও অভিযুক্তের উদ্দেশ্য জানতে আরও তদন্ত প্রয়োজন। ঘটনার সময় আশপাশের বাসিন্দারা চিৎকার ও সাহায্যের আবেদন শুনতে পান। স্থানীয় বাসিন্দা ডেইজি ভালদেজ জানান, তিনি একজন নারীকে চিৎকার করতে এবং অ্যাম্বুলেন্স ডাকার অনুরোধ জানাতে শুনেছিলেন। তাঁর ধারণা, ওই নারী সম্ভবত নিহত কিশোরীর মা ছিলেন। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্তকে খুঁজতে শুরু করে। প্রায় এক ঘণ্টা পর পাসাডেনা শহরে তাঁর অবস্থান শনাক্ত করা হয়। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, পুলিশ তাঁকে আটক করার প্রস্তুতি নেওয়ার সময় তিনি নিজের শরীরে গুলি চালান। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পাসাডেনার সাউথ অ্যারোয়ো পার্কওয়ে ও ইস্ট গ্লেনার্ম স্ট্রিটের কাছাকাছি একটি পোষা প্রাণীর পণ্যের দোকান পেটকোর পার্কিং এলাকার কাছে দ্বিতীয় ঘটনাটি ঘটে। সেখানে পুলিশি তৎপরতা ও তদন্তের কারণে আশপাশের এলাকা ঘিরে রাখা হয়। ঘটনাস্থলের কাছাকাছি একটি গাড়ি মেরামতের প্রতিষ্ঠানের কর্মীরা গুলির শব্দ শুনেছিলেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মাইকেল আমিনি জানান, জানালা দিয়ে তাকিয়ে তাঁরা এক ব্যক্তিকে মাটিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। কয়েক সেকেন্ডের মধ্যেই পুলিশ সদস্যরা সেখানে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দপ্তরের হত্যাকাণ্ড তদন্ত বিভাগ ঘটনাটির তদন্ত করছে। নিহত কিশোরীর মৃত্যুর কারণ ও অভিযুক্তের সঙ্গে তাঁর সম্পর্কের বিস্তারিত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে তদন্ত চলমান থাকায় কর্তৃপক্ষ এখনো সব তথ্য প্রকাশ করেনি।