লস এঞ্জেলেস

বিকেলেই অন্ধকার নামায় বিরক্ত ট্রাম্প, সিনেটকে সময় পরিবর্তন বন্ধের আইন পাসের তাগিদ

যুক্তরাষ্ট্রে বছরে দুবার ঘড়ির কাঁটা পরিবর্তনের নিয়ম বন্ধ করে স্থায়ীভাবে ডে-লাইট সেভিংস টাইম চালুর জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার বিকেলে দ্রুত সূর্যাস্ত হওয়ায় বিরক্তি প্রকাশ করে তিনি সিনেটকে এ-সংক্রান্ত একটি বিল পাসের তাগিদ দেন। ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, সিনেট এখনো ‘সানশাইন প্রোটেকশন অ্যাক্ট’ অনুমোদন করেনি। ঘড়ির সময় আর পরিবর্তন করতে না হওয়ার আইন হিসেবে তিনি প্রস্তাবটিকে উল্লেখ করেন। ট্রাম্প জানান, বুধবার সূর্যাস্ত হয়েছে বিকেল ৫টা ৬ মিনিটে। বিকেল ৫টা ৩১ মিনিটের মধ্যেই চারদিকে অন্ধকার নেমে আসে। কয়েক দিন আগেও একই সময়ে আবহাওয়া বেশ রৌদ্রোজ্জ্বল ছিল বলে মন্তব্য করেন তিনি। বছরে দুবার ঘড়ির সময় পরিবর্তনের কারণে মানুষকে বারবার ঘড়ির কাঁটা বদলাতে হয় বলেও অসন্তোষ জানান মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচনের আগে বিষয়টি নিয়ে বেশি কথা বলেননি বলেও জানান ট্রাম্প। তাঁর দাবি, এ নিয়ে কথা বললে কয়েকজন সিনেটরের নির্বাচনী ফলাফলে প্রভাব পড়তে পারত। তিনি বলেন, প্রতিনিধি পরিষদে দ্বিদলীয় সমর্থনে একাধিকবার বিলটি পাস হয়েছে, কিন্তু সিনেট এখনো তা নিয়ে আলোচনা করেনি। বিষয়টি তাঁর কাছে গুরুত্বপূর্ণ হলেও যুক্তরাষ্ট্রের সামনে আরও বড় অগ্রাধিকার রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে এ নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। ‘সানশাইন প্রোটেকশন অ্যাক্ট’ অনুযায়ী, বছরে দুবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বন্ধ করে সারা বছর ডে-লাইট সেভিংস টাইম চালু রাখা হবে। প্রতিনিধি পরিষদে বিলটি পাস হলেও সিনেটে এখনো তা অনুমোদনের জন্য তোলা হয়নি। গত মাসে মিসিসিপিতে এক সমাবেশেও ঘড়ির সময় পরিবর্তনের নিয়মকে অযৌক্তিক বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। তাঁর বক্তব্য, এতে মানুষ বিরক্ত হয় এবং বিষয়টি অপরাধ নিয়ন্ত্রণের জন্যও ভালো নয়। সন্ধ্যায় বাইরে পর্যাপ্ত আলো থাকলে অপরাধের ঘটনা কম ঘটে—এমন তথ্যের কথাও উল্লেখ করেন তিনি। সময় পরিবর্তনের নিয়ম যুক্তরাষ্ট্রের জন্য বিপুল অর্থনৈতিক ব্যয়ের কারণ বলেও দাবি করেন প্রেসিডেন্ট। তবে স্থায়ী ডে-লাইট সেভিংস টাইম নিয়ে কংগ্রেসে মতভেদ রয়েছে। পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি মেরি গে স্ক্যানলন এবং নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান প্রতিনিধি প্যাট হ্যারিগান ‘সানশাইন ফর আওয়ার কিডস অ্যাক্ট’ নামে আরেকটি বিল উত্থাপন করেছেন। তাঁদের প্রস্তাবে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সারা বছর স্ট্যান্ডার্ড টাইম বা প্রচলিত সময় বজায় রাখার কথা বলা হয়েছে। তাঁদের যুক্তি, সন্ধ্যায় বেশি সময় আলো থাকলে সকালে স্কুলে যাওয়া শিশু এবং কাজে বের হওয়া মানুষের জন্য অন্ধকারে চলাচলের ঝুঁকি বাড়বে। তাই স্থায়ী ডে-লাইট সেভিংস টাইমের পরিবর্তে স্থায়ী স্ট্যান্ডার্ড টাইমের পক্ষে তাঁরা অবস্থান নিয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত আরকানসাসের রিপাবলিকান সিনেটর টম কটনও স্থায়ী ডে-লাইট সেভিংসের বিরোধিতা করেছেন। অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ঘড়ির সময় পরিবর্তন কেউ পছন্দ করেন না, তিনিও করেন না। তবে যুক্তরাষ্ট্রে অতীতেও একবার স্থায়ী ডে-লাইট সেভিংস চালু করা হয়েছিল। শীতকালে খুব দেরিতে সূর্য ওঠার সমস্যার কারণে পরে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। গত মাসে প্রকাশিত এপি-এনওআরসি জরিপেও সময় পরিবর্তন নিয়ে মানুষের মিশ্র মনোভাব উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া মার্কিন প্রাপ্তবয়স্কদের মাত্র ১২ শতাংশ বছরে দুবার ঘড়ির সময় পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। ৪৭ শতাংশ এর বিরোধিতা করেছেন এবং ৪০ শতাংশ জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁদের বিশেষ কোনো মত নেই। জরিপে আরও দেখা গেছে, ৫৬ শতাংশ মানুষ সারা বছর ডে-লাইট সেভিংস টাইম এবং ৪২ শতাংশ সারা বছর স্ট্যান্ডার্ড টাইম বজায় রাখার পক্ষে। ফলে ঘড়ির সময় পরিবর্তন বন্ধের বিষয়ে সমর্থন থাকলেও কোন সময়টি সারা বছর কার্যকর থাকবে, তা নিয়ে মতভেদ রয়ে গেছে।