ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডাউনটাউন লস এঞ্জেলেসের আলোচিত ‘গ্রাফিতি টাওয়ার’ থেকে প্রায় সব দেয়ালচিত্র মুছে ফেলা হয়েছে। দীর্ঘদিন ধরে স্প্রে পেইন্টে আঁকা নানা রঙের গ্রাফিতিতে ঢেকে থাকা তিনটি আকাশচুম্বী ভবন এখন অনেকটাই পরিষ্কার। ২০২৮ সালের অলিম্পিকের আগে পরিত্যক্ত এই স্থাপনাকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনায় এটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভবনগুলোর পরিষ্কার কার্যক্রমের অগ্রগতি উদ্যাপনে শহরের কর্মকর্তা ও নতুন ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এক অনুষ্ঠানে অংশ নেন। ভবন তিনটির আনুষ্ঠানিক নাম ওশানওয়াইড প্লাজা। এগুলো ক্রিপ্টো ডটকম অ্যারেনার ঠিক বিপরীতে অবস্থিত। কয়েক বছর ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে থাকার কারণে ভবনগুলো স্থানীয়ভাবে ‘গ্রাফিতি টাওয়ার’ নামে পরিচিতি পায়।
২০২৪ সালের শুরুতে একদল গ্রাফিতি শিল্পী ভবনগুলোর বাইরের দেয়াল ও জানালায় স্প্রে পেইন্ট দিয়ে ছবি ও নানা ধরনের লেখা আঁকতে শুরু করেন। ৪২ থেকে ৫৪ তলা পর্যন্ত উঁচু ভবনগুলোর বিভিন্ন অংশে এসব চিত্র ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। কেউ কেউ এটিকে ব্যতিক্রমী শিল্পকর্ম হিসেবে দেখলেও অনেক স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী এটিকে শহরের সৌন্দর্য ও নিরাপত্তার জন্য বিব্রতকর বলে মনে করেন।
পরিষ্কারকাজটি সহজ ছিল না। প্রায় ২৫০টি বারান্দা থেকে গ্রাফিতি সরাতে কর্মীদের দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়েছে। কিছু অংশ পরিষ্কার করতে ভবনের বাইরের দিকে ঝুলন্ত প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। পরিবেশবান্ধব বিশেষ রাসায়নিক দ্রবণ দিয়ে হাতে হাতে রং তুলে ফেলা হয়েছে। তবে কয়েকটি জানালা ও ঝুঁকিপূর্ণ অংশে এখনো কিছু কাজ বাকি রয়েছে।
ভবনগুলোর মূল নির্মাণকাজ শুরু করেছিল চীনের বেইজিংভিত্তিক প্রতিষ্ঠান ওশানওয়াইড হোল্ডিংস। প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগের পর অর্থসংকটের কারণে ২০১৯ সালে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। তখন প্রকল্পটির প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছিল। পরবর্তী সময়ে ভবনগুলো দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।
চলতি বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের দেউলিয়া আদালত ৫১৭ মিলিয়ন ডলারে প্রকল্পটি বিক্রির চুক্তি অনুমোদন করে। কেপিসি গ্রুপ ও অস্ট্রেলিয়ার নির্মাণ প্রতিষ্ঠান লেন্ডলিজের যৌথ উদ্যোগে ভবনগুলো অধিগ্রহণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়। নতুন মালিকপক্ষ গ্রাফিতি অপসারণকে প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রথম শর্ত হিসেবে গ্রহণ করে।
এখন ভবনগুলোর বাকি নির্মাণকাজ শেষ করতে আরও প্রায় ৮৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি সম্পন্ন হলে এখানে ৫০৪টি আবাসিক ইউনিট, একটি বিলাসবহুল হোটেল, রেস্তোরাঁ, বিপণিবিতান ও অন্যান্য বাণিজ্যিক সুবিধা থাকবে। হোটেলটিতে প্রায় ১৮০টি কক্ষ রাখার পরিকল্পনা করা হয়েছে।
তবে প্রকল্পটি শেষ করতে এখনো কিছু বাধা রয়েছে। নতুন মালিকপক্ষকে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন নগর অনুমতিপত্র নবায়ন করতে হবে। নির্মাণকাজ আবার শুরু করার জন্য প্রয়োজনীয় অনুমোদন ও অর্থায়নের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
নতুন মালিকদের লক্ষ্য, ২০২৮ সালের অলিম্পিকের আগেই ভবনগুলোর বাইরের অংশ ও আশপাশের এলাকা আকর্ষণীয় করে তোলা। পুরো প্রকল্পের কাজ শেষ হলে ডাউনটাউন লস এঞ্জেলেসের গুরুত্বপূর্ণ এই এলাকায় নতুন আবাসন, কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন নগর কর্মকর্তারা।