অ্যারিজোনা অঙ্গরাজ্যে একটি আদিবাসী জনগোষ্ঠীর সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল নির্মাণে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ ঠেকাতে করা আবেদন খারিজ করে দিয়েছেন ফেডারেল আদালত। ফলে মেক্সিকো সীমান্তের পাশে ৬২ মাইল দীর্ঘ দেয়াল নির্মাণের কাজ এগিয়ে নিতে পারবে মার্কিন প্রশাসন।
শুক্রবার ওয়াশিংটন ডিসির মার্কিন জেলা আদালতের বিচারক রিচার্ড লিওন তোহোনো ও’ওধাম নেশনের আবেদন প্রত্যাখ্যান করেন। ২৮ লাখ একর আয়তনের সংরক্ষিত এলাকায় গোত্রটির সম্মতি ছাড়া সীমান্ত দেয়াল নির্মাণ বন্ধে আদালতের হস্তক্ষেপ চেয়েছিল তারা।
ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে নিরাপত্তা জোরদার এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের অংশ হিসেবে সীমান্ত দেয়াল নির্মাণ এগিয়ে নিচ্ছে। এই প্রকল্পের একটি অংশ তোহোনো ও’ওধাম নেশনের সংরক্ষিত এলাকার দক্ষিণ সীমান্ত বরাবর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রশাসনের অবস্থান হলো, সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তার স্বার্থে দেয়াল নির্মাণ প্রয়োজন।
আদালতে গোত্রটি যুক্তি দিয়েছিল, তাদের অনুমতি ছাড়া দেয়াল নির্মাণ করা হলে সংরক্ষিত এলাকার ওপর তাদের অধিকার ক্ষতিগ্রস্ত হবে এবং এটি অবৈধভাবে তাদের ভূমিতে প্রবেশের শামিল হবে। তবে বিচারক লিওন বলেন, দেয়াল নির্মাণের কারণে কংগ্রেসের অনুমোদন ছাড়া সংরক্ষিত এলাকার সীমানা পরিবর্তন হবে—এমন প্রমাণ গোত্রটি দিতে পারেনি। অবৈধ অনুপ্রবেশের দাবিও তিনি নাকচ করেন।
রায়ে বিচারক বলেন, সীমান্ত সুরক্ষা, অভিবাসন আইন প্রয়োগ এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের স্বার্থ বর্তমানে গোত্রটির সম্ভাব্য ক্ষতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
তবে দেয়াল নির্মাণের তীব্র বিরোধিতা করছে তোহোনো ও’ওধাম নেশন। গোত্রটির নেতারা বলছেন, প্রকল্পের কারণে তাদের পবিত্র স্থান, পাহাড়, উদ্ভিদ ও প্রাণীসম্পদের ক্ষতি হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দুই পাশে বসবাসকারী ও’ওধাম পরিবার ও সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ আরও কঠিন হয়ে পড়বে এবং তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠানও ব্যাহত হতে পারে।
অ্যারিজোনার সোনোরান মরুভূমিতে অবস্থিত এই সংরক্ষিত এলাকার সঙ্গে মেক্সিকো সীমান্তের প্রায় ৬২ মাইল অংশ যুক্ত। গোত্রটির সদস্য সংখ্যা ৩৭ হাজারের বেশি। তাদের মধ্যে কয়েক হাজার সদস্য মেক্সিকোতেও বসবাস করেন।
গোত্রটির আইনজীবীরা আরও বলেন, ১৯০৭ সালে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট সীমান্ত বরাবর ৬০ ফুট প্রশস্ত একটি বাফার এলাকা সংরক্ষণের ঘোষণা দিয়েছিলেন। সীমান্ত দেয়াল নির্মাণের কাজ শুধু ওই সরু এলাকায় সীমাবদ্ধ রাখা সম্ভব—এমন দাবি বাস্তবসম্মত নয়।
গত ২২ জুলাই শুনানিতে বিচারক লিওন গোত্রটির আবেদনকে ‘অসাধারণ’ বলে মন্তব্য করেছিলেন। একই ধরনের পরিস্থিতিতে আগের কোনো আদালতের নজিরও তিনি খুঁজে পাননি। তিনি বলেন, এটি একটি নতুন ধরনের মামলা এবং এর আইনি প্রশ্নগুলোও নতুন।
আদালতের রায়ের পর তোহোনো ও’ওধাম নেশন জানিয়েছে, সিদ্ধান্তে তারা গভীরভাবে হতাশ। গোত্রটির চেয়ারম্যান ভেরলন এম. জোসে বলেন, দেয়াল নির্মাণের ফলে তাদের ভূমি ও পবিত্র স্থানগুলোর ওপর যে স্থায়ী প্রভাব পড়তে পারে, সে বিষয়গুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়নি। তবে পরবর্তী আইনি পদক্ষেপের সম্ভাবনা তারা বিবেচনা করবে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম