আমেরিকা

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে (ভিএসইউ) গুলির ঘটনায় পাঁচজন আহত হওয়ার পর ১৯ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পুলিশের বরাতে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার পর ক্যাম্পাসের একটি আলমারির ভেতর লুকিয়ে থাকা অবস্থায় ক্যামরন হ্যারিসকে আটক করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তাঁর বাড়ি ভার্জিনিয়ার হেনরিকো এলাকায়। গুলিতে আহত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে মাত্র একজন ভিএসইউর শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানিয়েছে, আহত ২১ বছর বয়সী এক তরুণের অবস্থা আশঙ্কাজনক। অন্য চারজনের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। তাঁদের আঘাত গুরুতর নয়। প্রাথমিকভাবে স্থানীয় পুলিশ বিবিসিকে জানিয়েছিল, ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে বলে তারা ধারণা করছে। ভার্জিনিয়ার রাজধানী রিচমন্ডের দক্ষিণে অবস্থিত ভিএসইউ যুক্তরাষ্ট্রের ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (এইচবিসিইউ) একটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১টা ২৮ মিনিটের দিকে আবাসিক হলের বাইরে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নতুন শিক্ষাবর্ষের ক্লাস সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল। এর আগে শুক্রবার থেকেই পুরোনো শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের আবাসিক হল খুলে দেওয়া হয়েছিল। চেস্টারফিল্ড কাউন্টি পুলিশ বিভাগের লেফটেন্যান্ট জেমস আর. ল্যাম শনিবার বিবিসিকে বলেন, ঘটনায় একাধিক হামলাকারী জড়িত থাকার আশঙ্কা করছিলেন তদন্তকারীরা। ভিএসইউতে ৫ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। যুক্তরাষ্ট্রে ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়গুলো এমন এক সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন বর্ণবৈষম্যের কারণে আফ্রিকান-আমেরিকানদের বেশিরভাগ কলেজে পড়ার সুযোগ ছিল না। এসব প্রতিষ্ঠান তাদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এলএবাংলাটাইমস/ওএম