আমেরিকা

মায়ামি বিমানবন্দরে ইউপিএসের কার্গো বিমানের সঙ্গে সংঘর্ষ কোপা এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজের

ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ইউপিএসের একটি কার্গো বিমানের সঙ্গে কোপা এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে এ ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়েছেন। তবে তাদের আঘাত গুরুতর নয়। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বোয়িং ৭৩৭ মডেলের কোপা এয়ারলাইন্সের একটি বিমানের ডানার আগার অংশ ইউপিএসের বোয়িং ৭৬৭ কার্গো বিমানের সামনের অংশে আঘাত করে। দুটি উড়োজাহাজই তখন বিমানবন্দরের মাটিতে চলাচল করছিল। মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের যোগাযোগ বিভাগের পরিচালক গ্রেগ চিন জানান, রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে সংঘর্ষটি ঘটে। আহত দুজনকে বিমানবন্দরের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেন। কোপা এয়ারলাইন্সের এক যাত্রী সিজার ফেরেইরা সিএনএনকে জানান, বিমানটি অবতরণের পর স্বাভাবিক গতিতে ট্যাক্সি করছিল। হঠাৎ আশপাশে যাত্রীদের চিৎকার ও কথাবার্তার শব্দ বাড়তে থাকে। এরপরই অন্য একটি উড়োজাহাজের ধাক্কায় তাদের বিমানটি কেঁপে ওঠে। তিনি বলেন, ধাক্কায় বিমানের ভেতরে থাকা যাত্রীরা হঠাৎ পাশের দিকে ঝাঁকুনি অনুভব করেন। প্রথমে কয়েকজন যাত্রী আতঙ্কিত হয়ে পড়লেও কোপা এয়ারলাইন্সের কর্মীরা দ্রুত সবাইকে নিজ নিজ আসনে বসে থাকার নির্দেশ দেন। এফএএ জানিয়েছে, সংঘর্ষের আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা ইউপিএসের বিমানটির ক্রুদের কোপা এয়ারলাইন্সের উড়োজাহাজকে পথ ছেড়ে দিতে বলেছিলেন। কীভাবে সংঘর্ষের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে সংস্থাটি। বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথোপকথনের অডিওতেও সংঘর্ষের বিষয়টি উঠে এসেছে। সেখানে কোপা এয়ারলাইন্সের পাইলটকে বলতে শোনা যায়, অন্য একটি বিমান তাদের ধাক্কা দিয়েছে। এরপর নিয়ন্ত্রক ইউপিএসের পাইলটদের কাছে জানতে চান, তাদের বিমানের সঙ্গে অন্য উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে কি না। জবাবে ইউপিএসের পাইলট বলেন, তারা কিছুটা বেশি সামনে চলে গিয়েছিলেন। এরপর অন্য বিমানটির ডানা তাদের বিমানে আঘাত করে। পরে কোপা এয়ারলাইন্সের পাইলট জানান, তাদের বিমানের বাম পাশের ডানার আগার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে। সিজার ফেরেইরা জানান, ঘটনার প্রায় ১০ মিনিট পর বিমানের ক্যাপ্টেন যাত্রীদের আশ্বস্ত করেন যে তাৎক্ষণিক কোনো বিপদের আশঙ্কা নেই। বিমানটি সরিয়ে নিতে একটি টাগ বা টানার গাড়ি আনা হবে বলেও জানানো হয়। কোপা এয়ারলাইন্সের বিবৃতিতে বলা হয়েছে, বিমানটির ১৬৬ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য নিরাপদে নেমে আসেন। পরে উড়োজাহাজটি টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়। অন্যদিকে, সংঘর্ষে ইউপিএসের বিমানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। প্রকাশিত ছবিতে এর সামনের কাঠামোয় বড় ধরনের ক্ষতি ও প্যানেলে ছিদ্র দেখা গেছে। কোপা এয়ারলাইন্সের বিমানটি পানামার রাজধানী পানামা সিটি থেকে মায়ামিতে এসে পৌঁছেছিল। অন্যদিকে, ইউপিএসের কার্গো বিমানটি কলম্বিয়ার রাজধানী বোগোটার উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ইউপিএস জানিয়েছে, কী ঘটেছিল তা নির্ধারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থাটি আরও জানিয়েছে, তাদের বিমানের ক্রুরা নিরাপদে রয়েছেন। কোপা এয়ারলাইন্সও এক বিবৃতিতে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং তদন্তে তারা কর্তৃপক্ষকে সহযোগিতা করবে। উল্লেখ্য, এ ঘটনার মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্রজুড়ে এফএএর নির্দেশে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘটনা ঘটে। শুক্রবারের ওই নির্দেশের কারণে দেশটির বিভিন্ন বিমানবন্দরে ব্যাপক ফ্লাইট বাতিল ও বিলম্ব হয়। অনেক যাত্রীকে নতুন ফ্লাইটের অপেক্ষায় বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে রাত কাটাতে হয়েছে। সেই পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ফ্লাইট চলাচল ফিরিয়ে আনার চেষ্টা চলার মধ্যেই মায়ামিতে নতুন এই সংঘর্ষের ঘটনা ঘটল।