ঈদুল আজহায় সড়কপথে যানজট, দুর্ভোগ, ভোগান্তি আর ঝুঁকি এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে ঘরমুখী যাত্রীর চাপ বাড়ছে অভ্যন্তরীণ আকাশপথে। পবিত্র ঈদসহ বিভিন্ন অনুষ্ঠানের ছুটিতে দ্রুত গন্তব্যে পৌঁছতে অনেকেই এখন উড়োজাহাজে যাতায়াত করেন। সময়ের সঙ্গে সঙ্গে উড়োজাহাজে ভ্রমণের চাহিদা বাড়ছে।
নিয়মিত উড়োজাহাজে করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের এমন কয়েকজন ব্যক্তি জানান, এমনিতেই সড়কপথে যানজট আর নানা ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। ঈদ উপলক্ষে এর মাত্রা দাঁড়ায় কয়েক গুণ। এ অবস্থায় ৬ ঘণ্টার পথ ১২ থেকে ১৬ ঘণ্টায় পৌঁছতে হয়। এ কারণে সড়কপথের ঝামেলায় না গিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে যাতায়াতে আকাশপথ বেছে নেন তাঁরা। এ ছাড়া অন্য পরিবহনের চেয়ে উড়োজাহাজ ভ্রমণকে অনেক নিরাপদ মনে করেন তাঁরা।
বিমান বাংলাদেশসহ বেসরকারি এয়ারলাইন্সগুলোর কর্মকর্তারা জানান, ঈদুল আজহায় অভ্যন্তরীণ আকাশপথে যাত্রীর চাপ বাড়ছে। গত ২২ জুন স্কুল-কলেজ ছুটির পর থেকেই অভ্যন্তরীণ বিভিন্ন রুটে যাত্রীদের চাপ বাড়ে। তাঁরা জানান, ঈদুল আজহা উপলক্ষে বিশেষ করে ঢাকা-সৈয়দপুর, রাজশাহী, সিলেট ও কক্সবাজার রুটে যাত্রীর ভিড় লক্ষণীয়।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কমরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তর্জাতিক ২-১টি রুটেও বাড়ছে যাত্রীর চাপ। বিশেষ করে ঢাকা-ব্যাংকক ও মালদ্বীপ রুটে পর্যটনকেন্দ্রিক ভ্রমণপিপাসু যাত্রীর চাপ বেড়েছে। যদিও টিকিটের মূল্য আগের মতোই রয়েছে। তবে যেসব যাত্রী আগে থেকেই এয়ারলাইন্সের টিকিট সংগ্রহ করেছেন, তাঁরা অনেকটা সাশ্রয়ী মূল্যে পেয়েছেন। যাত্রীদের সুবিধার্থে রাজশাহী রুটে ইউএস-বাংলার ফ্লাইট বাড়ানো হয়েছে।
নভোএয়ারের এক কর্মকর্তা জানান, সৈয়দপুর ও রাজশাহী রুটে ফ্লাইট বাড়ানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, ঈদ উপলক্ষে ঢাকা-সৈয়দপুর, যশোর, রাজশাহী রুটে টিকিটের চাহিদা বেশি।
প্রতিদিনই অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়াচ্ছে এয়ারলাইন্সগুলো। টিকিটের চাহিদাও বেড়েছে। এলএবাংলাটাইমস/আইটিএলএস
প্রতিদিনই অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়াচ্ছে এয়ারলাইন্সগুলো। টিকিটের চাহিদাও বেড়েছে। এলএবাংলাটাইমস/আইটিএলএস