লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে শিশুদের করোনাজনিত অসুখ বাড়ছে

লস এঞ্জেলেস কাউন্টিতে গত দুই সপ্তাহে শিশুদের মধ্যে করোনাজনিত অসুখ ইনফ্ল্যামেটোরি ডিজিজ বা এমআইএস-সি বেড়েছে অন্তত ৩৫ শতাংশ। লস এঞ্জেলেস কাউন্টি হেলথ অফিশিয়ালস সূত্র শুক্রবার (১২ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে, ইনফ্ল্যামেটোরি ডিজিজে গত দুই সপ্তাহে লস এঞ্জেলেস কাউন্টিতে আক্রান্ত হয়েছে ১৫টি শিশু। এখন পর্যন্ত মোট আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়ালো ৯০ জনে। এর মধ্যে এখন পর্যন্ত ডিসেম্বরে এক শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত ৯০ জন শিশুকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে৷ এরমধ্যে ৪১ শতাংশ শিশুকে জরুরি বিভাগে রাখতে হয়েছে। লস এঞ্জেলেস কাউন্টির এমআইএস-সিতে আক্রান্ত শিশুদের মধ্যে ৩০ শতাংশ শিশুর বয়স পাঁচ বছরের নিচে, ৪০ শতাংশ শিশুর বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে আর ৩০ শতাংশ শিশুর বয়স ১২ থেকে ২০ এর মধ্যে। আক্রান্ত শিশুদের মধ্যে ৭২ শতাংশ শিশুই ল্যাটিনো বলে জানিয়েছে কাউন্টি হেলথ অফিশিয়ালরা। অন্য এথনিক গ্রুপের থেকে ল্যাটিনোদের মধ্যে আক্রান্তের হার অনেক বেশি। ফেব্রুয়ারির ৮ তারিখ পর্যন্ত ৪৮টি রাজ্যের অন্তত ২ হাজার ৬০টি শিশু ইনফ্ল্যামেটোরি ডিজিজে আক্রান্ত হয়েছে। আর মারা গেছে অন্তত ৩০টি শিশু। পাবলিক হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে, ২১ বছরের কম বয়েসীদের মধ্যে এই ইনফ্ল্যামেটোরি ডিজিজের প্রবণতা বেশি। সাধারণত কোনো শিশু যদি করোনা আক্রান্ত হয়, তবে কয়েক সপ্তাহ পর এই ডিজিজের লক্ষণ প্রকাশ পায়। ইনফ্ল্যামেটোরি ডিজিজে আক্রান্ত শিশুদের জ্বরের পাশাপাশি আরো কিছু লক্ষণ প্রকাশ পায়। যেমন শিশুদের ডায়রিয়া, ঘাড় ব্যথা, র‍্যাশ, রক্তক্ষরণ ও ক্লান্ত অনুভব হয়। এছাড়া অনেক শিশুর বিভিন্ন প্রত্যঙ্গ যেমন হার্ট, ফুসফুস, কিডনি, ব্রেইন, ত্বক বা চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। এলএবাংলাটাইমস/ওএম