লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে আগুন: মেয়রের সফর ছিল ভুল

লস এঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস স্বীকার করেছেন যে, শহরের ইতিহাসের অন্যতম ভয়াবহ দুটি দাবানলের সময় তিনি পশ্চিম আফ্রিকা সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ভুল করেছিলেন। গত ৭ জানুয়ারি, যখন ইটন এবং প্যালিসেডস এলাকায় ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে, তখন মেয়র বাস আফ্রিকায় ছিলেন। তিনি ঘানার নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে বাইডেন প্রশাসনের চার সদস্যের একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে সেখানে গিয়েছিলেন। লস এঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় মেয়র বাস ঘানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দেওয়া এক সংবর্ধনায় অংশ নেন। আগুন লাগার প্রায় দেড় ঘণ্টা পর তিনি সেখানে ছবি তুলেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। তবে মেয়রের মুখপাত্র দাবি করেছেন, সংবর্ধনাটি মূলত তার ফেরা আগে আয়োজন করা হয়েছিল এবং তিনি বেশিরভাগ সময় অন্য একটি কক্ষে থেকে ফোনে আগুন নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনা করছিলেন। মেয়রকে একাধিকবার জিজ্ঞাসা করা হয়েছে যে, তিনি তার এই সফরকে ভুল মনে করেন কি না। সাধারণত তিনি এই প্রশ্ন এড়িয়ে গেছেন এবং পুনরুদ্ধার প্রচেষ্টার ওপর গুরুত্ব দিয়েছেন। তবে সিবিএস-এর এক সাংবাদিকের প্রশ্নে তিনি প্রথমবার সরাসরি স্বীকার করেন যে, এই সফর তার ভুল ছিল। ৮ জানুয়ারি সকাল ১১টায় লস এঞ্জেলেসে পৌঁছানোর পর তিনি দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে গভর্নর গ্যাভিন নিউজমের সঙ্গে দেখা করেন। গত শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটি নিশ্চিতভাবেই আমার ভুল ছিল।” মেয়র বাস আরও বলেন, তার বর্তমান লক্ষ্য লস এঞ্জেলেসকে পুনরুদ্ধার ও পুনর্গঠনের মাধ্যমে এগিয়ে নেওয়া। এলএবাংলাটাইমস/ওএম