লস এঞ্জেলেস

সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় গত কয়েকদিনে ছড়িয়ে পড়া একাধিক দাবানলে ব্যাপক চাপের মুখে পড়েছেন দমকলকর্মীরা। আগুনে ঘরবাড়ি পুড়ে গেছে এবং হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সিমি ভ্যালিতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে স্যান্ডি দাবানল। সোমবার সকালে শুরু হওয়া এই আগুনে অন্তত একটি বাড়ি পুড়ে গেছে। বুধবার সকাল পর্যন্ত আগুন প্রায় ১ হাজার ৬৯৮ একর এলাকা পুড়িয়ে দিয়েছে এবং মাত্র ১৫ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। এখনও কয়েক হাজার মানুষকে নিরাপত্তার কারণে এলাকা ছাড়তে হয়েছে। ক্যাল ফায়ার সাধারণ মানুষের জন্য আগুনের বিস্তার, সরিয়ে নেওয়ার এলাকা এবং আকাশপথে আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমের ত্রিমাত্রিক তথ্য প্রকাশ করেছে। এদিকে রিভারসাইড কাউন্টিতেও মঙ্গলবার দুটি নতুন দাবানল ছড়িয়ে পড়ে। বেইন দাবানলে বুধবার সকাল পর্যন্ত প্রায় ১ হাজার ৩৭৫ একর এলাকা পুড়ে গেছে। আগুনের ২৫ শতাংশ নিয়ন্ত্রণে এলেও এখনও বহু এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ ও সতর্কতা জারি রয়েছে। বেইন দাবানলের দক্ষিণ-পূর্বে ছড়িয়ে পড়া ভেরোনা দাবানলও প্রায় ৫০০ একর এলাকা পুড়িয়ে দিয়েছে। বুধবার সকাল পর্যন্ত আগুনের মাত্র ৫ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় সক্রিয় দাবানল হচ্ছে সান্তা রোসা দ্বীপের আগুন। ভেনচুরা ও সান্তা বারবারা উপকূলের কাছের এই দ্বীপে গত শুক্রবার একটি জাহাজডুবির ঘটনায় উদ্ধার সংকেত হিসেবে ছোড়া ফ্লেয়ার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন কোস্ট গার্ড ওই নাবিককে উদ্ধার করলেও সান্তা রোসা দাবানল ইতোমধ্যে প্রায় ১৭ হাজার একর এলাকা পুড়িয়ে দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আগুনের ২৬ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।

এলএবাংলাটাইমস/ওএম