ক্যালিফোর্নিয়ায় গাঁজা ব্যবসায় বিনিয়োগের প্রলোভন দেখিয়ে পাঁচ লাখ ডলারের বেশি অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ক্যালিফোর্নিয়া অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম কেইনিয়াটে ডেবোরোস চেম্বার্স। ৪৯ বছর বয়সী এই ব্যক্তি স্যাক্রামেন্টোর বাসিন্দা।
অভিযোগ অনুযায়ী, ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত তিনি বিভিন্ন মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেন।
তদন্তকারীরা জানান, চেম্বার্স নিজেকে গাঁজা শিল্পের সঙ্গে জড়িত একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন। তিনি ক্যালিফোর্নিয়ার বিভিন্ন ক্যাসিনো, বার ও রেস্তোরাঁয় সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে দেখা করতেন।
পরে তিনি ভুক্তভোগীদের তার অস্তিত্বহীন গাঁজা কোম্পানিতে বিনিয়োগ করতে রাজি করান। আদালতের নথি অনুযায়ী, তিনি দাবি করতেন যে বিনিয়োগকারীরা কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যেই বিপুল মুনাফা পাবেন।
কিন্তু প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, বিনিয়োগের বদলে তিনি সেই অর্থ নিজের ব্যক্তিগত জীবনযাপন, ক্যাসিনোতে জুয়া খেলা এবং সহযোগীদের পেছনে খরচ করেছেন।
এছাড়া তিনি ভুক্তভোগীদের আরও নতুন বিনিয়োগকারী খুঁজে আনতে চাপ দিতেন বলেও অভিযোগ রয়েছে।
এই প্রতারণার মাধ্যমে চেম্বার্স মোট পাঁচ লাখ ডলারের বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
গত ২২ মে ২০২৬ সালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রসিকিউটররা জানান, তার বিরুদ্ধে বিনিয়োগ প্রতারণার অভিযোগে ১০টি ওয়্যার ফ্রড বা অনলাইন আর্থিক জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে।
দোষী প্রমাণিত হলে প্রতিটি অভিযোগে তার সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার জরিমানা হতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই মামলায় কেউ ভুক্তভোগী হয়ে থাকলে বা অতিরিক্ত তথ্য জানলে নিকটস্থ এফবিআই অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
মামলাটি তদন্ত করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব জাস্টিসের ব্যুরো অব গ্যাম্বলিং কন্ট্রোল। মামলাটির পক্ষে আদালতে শুনানি পরিচালনা করছেন সহকারী মার্কিন অ্যাটর্নি জেসিকা ডেলানি।
এলএবাংলাটাইমস/ওএম