লস এঞ্জেলেস

লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

মেক্সিকো থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লং বিচের উদ্দেশে যাত্রা করা একটি কার্নিভাল ক্রুজ জাহাজ থেকে এক ব্যক্তি সাগরে ঝাঁপ দিয়েছেন। শনিবার ঘটনাটি ঘটার পর জাহাজটি ঘুরিয়ে আশপাশের সমুদ্র এলাকায় তল্লাশি চালানো হয়। তবে রোববার পর্যন্ত ওই ব্যক্তির কোনো সন্ধান পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কার্নিভাল ক্রুজ লাইনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি ঘটে ‘কার্নিভাল প্যানোরামা’ জাহাজে। জাহাজটি মেক্সিকোর পুয়ের্তো ভালার্তা থেকে লং বিচের দিকে যাচ্ছিল। এক যাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর জাহাজের ক্রুরা সঙ্গে সঙ্গে অনুসন্ধান ও তদন্তের কার্যক্রম শুরু করেন। জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তির সন্ধানে নজরদারি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কোস্ট গার্ডকেও বিষয়টি জানানো হয়। জাহাজে থাকা ওই ব্যক্তির সঙ্গে ভ্রমণ করা স্বজনদেরও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কার্নিভাল। এক যাত্রীর বরাত দিয়ে জানা গেছে, মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের পাশ দিয়ে লং বিচের দিকে ফেরার সময় ঘটনাটি ঘটে। পরিবারের এক সদস্য প্রথমে ওই ব্যক্তিকে খুঁজতে শুরু করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে অতিথি সেবা কেন্দ্রে যোগাযোগ করে তাকে খুঁজে বের করার জন্য ঘোষণা দেওয়ার অনুরোধ করা হয়। পরে নজরদারি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ওই ব্যক্তি জাহাজ থেকে সাগরে পড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় বলে ওই যাত্রী দাবি করেছেন। এরপর দুপুর ২টার দিকে কার্নিভাল প্যানোরামা জাহাজটি ঘুরিয়ে ঘটনাস্থলের আশপাশের সমুদ্রে তল্লাশি চালানো হয়। প্রতিবেদন অনুযায়ী, প্রায় আড়াই ঘণ্টা তল্লাশি চালানোর পর বিকেল সাড়ে ৪টার দিকে জাহাজটি আবার লং বিচের উদ্দেশে যাত্রা শুরু করে। তবে নিখোঁজ ব্যক্তির বর্তমান অবস্থা বা তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিখোঁজ ব্যক্তির পরিচয়ও প্রকাশ করা হয়নি। কার্নিভাল ক্রুজ কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবারের সদস্যদের পাশে থাকার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।