আমেরিকা

ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশাল বিজয় তোরণ শুধু স্মৃতিচিহ্ন বা স্থাপত্য নিদর্শন হিসেবে তৈরি হবে না, এর সঙ্গে যুক্ত হবে সামরিক ব্যবহারের সুবিধাও। ট্রাম্প জানিয়েছেন, নতুন পরিকল্পনা অনুযায়ী এই স্থাপনায় সামরিক সরঞ্জাম সংরক্ষণের পাশাপাশি ড্রোন ও স্নাইপার মোতায়েনের সক্ষমতাও থাকবে। রোববার সকালে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনীর ‘জোরালো অনুরোধে’ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রকল্পটির পরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, এটি একটি ‘উচ্চমানের’ সামরিক কমপ্লেক্স হিসেবে কাজ করবে। ট্রাম্প বলেন, স্থাপনাটিতে বিপুলসংখ্যক ড্রোন রাখা ও দ্রুত মোতায়েনের ব্যবস্থা থাকবে। পাশাপাশি তোরণের ছাদ ও আশপাশের প্লাজা এলাকায় স্নাইপার মোতায়েন করা যাবে। সেখানে বিপুল পরিমাণ স্নাইপার গোলাবারুদ সংরক্ষণের ব্যবস্থাও থাকবে বলে জানান তিনি। তবে নতুন এই পরিকল্পনার বিস্তারিত নির্মাণ নকশা বা কাজ শুরুর সময়সূচি সম্পর্কে কিছু জানাননি ট্রাম্প। এই সামরিক সুবিধা যুক্ত করার জন্য নতুন কোনো অনুমোদনের প্রয়োজন হবে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তরও এ বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য দিতে রাজি হয়নি। প্রস্তাবিত তোরণটি ওয়াশিংটন ডিসির ঠিক বাইরে পটোম্যাক নদীর ওপারে আর্লিংটন ন্যাশনাল সেমেট্রির কাছাকাছি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এর উচ্চতা হবে প্রায় ২৫০ ফুট বা ৭৬ মিটার। চলতি মাসেই এর নির্মাণকাজ শুরুর কথা ছিল। এর আগে প্রকাশিত নকশায় দেখা যায়, তোরণের শীর্ষে থাকবে সোনালি রঙের ডানা মেলা লেডি লিবার্টির ভাস্কর্য। তার দুই পাশে থাকবে দুটি সোনালি ঈগল। স্থাপনার দুই পাশে সোনালি অক্ষরে লেখা থাকবে ‘ওয়ান নেশন আন্ডার গড’ এবং ‘লিবার্টি অ্যান্ড জাস্টিস ফর অল’। প্রায় ২৫০ ফুট উচ্চতার এই তোরণটি কাছের ৯৯ ফুট উঁচু লিংকন মেমোরিয়ালকে ছাড়িয়ে যাবে। তবে এটি ওয়াশিংটন মনুমেন্টের উচ্চতার প্রায় অর্ধেক হবে। ট্রাম্প দাবি করেছেন, বিশ্বের ৫৯টি শীর্ষ শহর ও রাজধানীর মধ্যে ওয়াশিংটন ডিসিই একমাত্র শহর যেখানে কোনো বিজয় তোরণ নেই। তবে তিনি কোন ৫৯টি শহর ও রাজধানীর কথা বলেছেন, তা নির্দিষ্ট করে জানাননি। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাজধানী এলাকায় বেশ কয়েকটি বড় নির্মাণ ও সংস্কার প্রকল্প হাতে নিয়েছেন। এর মধ্যে হোয়াইট হাউসের ওভাল অফিসে ব্যাপক সাজসজ্জা, প্রায় ৪০ কোটি ডলার ব্যয়ে নতুন বলরুম নির্মাণের পরিকল্পনা, হোয়াইট হাউসের রোজ গার্ডেনের সংস্কার এবং লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুল সংস্কারের উদ্যোগ রয়েছে। এসব প্রকল্পের মধ্যে প্রস্তাবিত বিজয় তোরণটি অন্যতম বড় উদ্যোগ।