ইউরোপসহ আরো ১২টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশ ইচ্ছুকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ৷ তবে যুক্তরাজ্যকে এর বাইরে রাখা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নতুন এই নির্দেশনা জারি করেছে। ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।
ইউরোপের দেশগুলো ছাড়াও এই তালিকায় আছে- আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।
নির্দেশনায় বলা হয়েছে, যেসব এয়ারলাইন্স এসব দেশ থেকে বাংলাদেশে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করে, তারা নিষেধাজ্ঞার এই সময়ে শুধু ট্রানজিট যাত্রীদের আনতে পারবে।
এছাড়া যেসব দেশ থেকে বাংলাদেশে ভ্রমণ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই, সেসব দেশের যাত্রীদের প্রত্যেকের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা করা করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে।
তবে বাংলাদেশে এসে কারো করোনার উপসর্গ না থাকলে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর যদি করোনার কোনো লক্ষণ থাকে তাহলে নিজ খরচে সরকার নির্ধারিত স্থানে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
অন্যদিকে, কেউ যদি কোভিড-১৯ সার্টিফিকেট না নিয়ে আসে তাহলে ৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে নিজ খরচে পরীক্ষার পর ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এলএবাংলাটাইমস/ওএম