বাংলাদেশ

ঢাকা বিমানবন্দর থেকে সাড়ে ১২ কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জব্দ করা হয়েছে সাড়ে ১২ কোটি টাকার বৈদেশিক মুদ্রা। জব্দ বৈদেশিক মুদ্রার মধ্যে ৫৪ দশমিক ৭৫ লাখ সৌদি রিয়াল এবং ২০ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার রয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্য অ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্স গত সোমবার (১৩ সেপ্টেম্বর) বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রাগুলো আটক করেন। অ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্সের গ্রুপ ক্যাপ্টেন এবং এয়ারপোর্টের এক্সিকিউটিভ ডিরেক্টর এএইচএম তাওহীদ-উল-আহসান বলেন, কুরিয়ার সার্ভিসের বক্স থেকে এই মুদ্রাগুলো উদ্ধার করা হয়েছে। বক্সের গায়ে 'স্টার এক্সপ্রেস লাইন' এর নাম লেখা ছিল। এয়ারপোর্ট এর এক্সপোর্ট কার্গো ভিলেজ থেকে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল এই মুদ্রাগুলোর। কুরিয়ার সার্ভিসের বক্সটি সন্দেহের বশে অ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্সের একজন সদস্য তল্লাশি করেন ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করেন। তবে এই ঘটনার সাথে জড়িত থাকার দায়ে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এলএবাংলাটাইমস/ওএম