বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান, আটক ৩

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাহাড় থেকে অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। এ সময় ১০টি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (০৮ নভেম্বর) ভোরে কুতুপালং রোহিঙ্গা শিবিরের এক্স-৪ ক্যাম্পের গহিন পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- কুতুপালং ক্যাম্প সি-১ জি ব্লকের মৃত আজিজুর রহমানের ছেলে বাইতুল্লাহ (১৯), তার ভাই হাবিব উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের জি ব্লকের জাহিদ হোসেনের ছেলে মোহাম্মদ হাছুন (২৪)।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়েরুল ইসলাম বলেন, দীর্ঘ দিন ধরে একটি চক্র এ কারখানা তৈরি করে অস্ত্র বানিয়ে আসছিল। এখান থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করা হচ্ছি। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে কারখানাটি শনাক্ত করা হয়। তারপর আজ ভোরে চার ঘণ্টার বেশি সময় গুলি বিনিময়ের পর কারখানাটি নিয়ন্ত্রণে নেওয়া হয়। পরে সেখান থেকে পাঁচটি পিস্তল, পাঁচটি বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ক্যাম্পগুলোতে সন্ত্রাসীদের তৎপরতা ঠেকাতে কাজ করছে র‍্যাবের সদস্যরা। আটকদের পরবর্তী আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।   এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]