বাংলাদেশ

আজ ঢাকায় ‘বিশ্ব শান্তি সম্মেলন’ শুরু

ঢাকায় দুই দিনব্যাপী ‘বিশ্ব শান্তি সম্মেলন ২০২১’ শুরু হচ্ছে আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (৪ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্মেলনের উদ্বোধন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর তিনটি ভেন্যুতে এ সম্মেলন হবে। এতে সরাসরি ও ভার্চুয়াল প্ল্যাটফর্ম মিলিয়ে যোগ দেবেন বিশ্বের ৫০টি দেশের অন্তত ৯০ জন অতিথি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্মেলনে শান্তি রক্ষায় কাজ করা বিশ্বের বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, নোবেল বিজয়ী, শিক্ষাবিদ, বিজ্ঞানী, শিল্পী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিক, মানবাধিকারকর্মী ও বুদ্ধিজীবীরা অংশ নেবেন।

বুধবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশ্ব শান্তি সম্মেলন নিয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদযাপনের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী ৪ ও ৫ ডিসেম্বর ঢাকায় ‘বিশ্ব শান্তি সম্মেলন’ আয়োজন করেছে। ৪ ডিসেম্বর উদ্বোধনী ও ৫ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে যথাক্রমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতি সম্মেলনের গুরুত্বকে বহুগুণে বাড়াবেন।

তিনি বলেন, ৯১টি দেশের শান্তিকর্মীরা আমাদের শান্তি সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এখানে তারা বিশ্ব শান্তি বিষয়ে একটি ঘোষণা তৈরি করবেন। সম্মেলনে চারটি প্যানেলে নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা হবে। দুই দিনব্যাপী আলোচনায় বঙ্গবন্ধুর শান্তি দর্শনের আলোকে শান্তির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করা হবে।

সম্মেলনে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী গোহ চক তং, পূর্ব তিমুরের সাবেক প্রধানমন্ত্রী জোসে রামোস-হর্তা, বুলগেরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইরিনা বোকোভা, ওয়ার্ল্ড ইসলামিক ইকোনোমিক ফোরাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সৈয়দ হামিদ আলবার, ইউনিভার্সিটি অব পিসের রেক্টর ফ্রান্সিসকো রোজাস আরাভেনাসহ আরও অনেকে অংশ নেবেন।

রোববার (৫ ডিসেম্বর) ‘ঢাকা শান্তি ঘোষণা’ শীর্ষক একটি সর্বসম্মত ঘোষণার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটবে।   এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]