আন্দোলনের সময় নিরাপত্তার খাতিরে মোতায়েন করা ন্যাশনাল গার্ড সেনারা রোববার থেকে লস এঞ্জেলেস ছাড়তে শুরু করেছে। ভাঙচুর-লুণ্ঠন ঠেকাতে এক সপ্তাহ আগে পুলিশকে সহায়তা করতে দায়িত্বপালন শুরু করে ন্যাশনাল গার্ড সদস্যরা।
ন্যাশনাল গার্ড অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল ডেভিড বালডউইন এক ইমেইল বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি লেখেন, প্রায় এক সপ্তাহ কর্তৃপক্ষকে সহায়তার পর ক্যালিফোর্নিয়ার রাস্তা থেকে ন্যাশনাল গার্ড সেনারা সরে যাচ্ছে।
ক্যালিফোর্নিয়াবাসীর যেকোনো সময়ে, যেকোনো পরিস্থিতিতে ডাকা মাত্রই ন্যাশনাল গার্ড আবারও ফিরে আসবে। দায়িত্বপালনে সেনারা সবসময় প্রস্তুত বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
যদিও দ্য ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ড দ্রুত সাহায্যকারী দল হিসেবে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে সাহায্যের জন্য কিছু কিছু এলাকায় সদা প্রস্তুত থাকবে।
নির্মম পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহতের পর যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয় আন্দোলন। অশান্ত হয়ে উঠে ক্যালিফোর্নিয়াও। আন্দোলনের চতুর্থ দিনে ৩০মে ন্যাশনাল গার্ড সেনারা দায়িত্ব পালন শুরু করেন।
মেয়র এরিক গ্যারসেটি গভর্নর গেভিন নিউসামকে অনুরোধ করেছিলেন যাতে ৫শ থেকে ৭শ ন্যাশনাল গার্ড সদস্য নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়। যাতে তারা লস এঞ্জেলেসের ১০ হাজার পুলিশ সদস্যকে সাহায্য করতে পারে।
এই আন্দোলনে লস এঞ্জেলেসে পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি ও বেশ কিছু ভবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাশনাল গার্ড পুলিশ সদস্যদের সার্বিক সহায়তা দিয়েছে।
এলএ/বাংলা টাইমস/এন/এইচ