কোনো আফ্রিকান-আমেরিকানকে এবারই প্রথম যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। জেনারেল চার্লস ব্রাউন জুনিয়রকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব দিতে সমর্থন দিয়েছে মার্কিন সিনেট। দেশটির সামরিক ইতিহাসে এবারই প্রথম এমন ঘটনা ঘটছে।
যুক্তরাষ্ট্রে কালোদের অধিকার আদায় নিয়ে চলমান আন্দোলনের মধ্যেই এই ঘোষণা এল। মঙ্গলবার প্রস্তাবটি সিনেটে সর্বসম্মতভাবে পাস হয়। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের তোলা প্রস্তাব মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে ৯৮-০ ভোটে চূড়ান্ত হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়োগে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি এই দিনকে আমেরিকার জন্য ঐতিহাসিক বলে জানান। জেনারেল ব্রাউনকে দেশপ্রেমিক ও ভালো নেতা হিসেবে উল্লেখ করেন।
তবে সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ কমাতেই চার্লস ব্রাউনকে মার্কিন এয়ারফোর্সের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২৫ মে সন্ধ্যায় মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিস শহরে দেরেক নামের এক পুলিশ কর্মকর্তা প্রকাশ্য রাস্তায় মাটিতে ফেলে হাঁটু দিয়ে গলা চেপে ধরেন জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গকে। তার মৃত্যুর ঘটনার এই ভিডিও ভাইরাল হলে মুহূর্তে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ শুরু হয়। এখনো বিভিন্ন শহরে সে আন্দোলন চলছে।
এলএ/বাংলা টাইমস/এন/এইচ