লস এঞ্জেলেস

প্রতিবাদকারীদের ওপর পুলিশি নিপীড়ন চললে ব্যবস্থা: মাইকেল মুর



কৃষ্ণাঙ্গ অধিকার আদায়ে এখনো আন্দোলন চলছে লস এঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। সভা-সমাবেশে পুলিশি নিপীড়নেরও অভিযোগ আসছে। এরইমধ্যে লস এঞ্জেলেসের পুলিশ ডিপার্টমেন্টের প্রধান মাইকেল মুর জানিয়েছেন, পুলিশ অযথা বলপ্রয়োগ করলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।  


মঙ্গলবার রাতে কমিউনিটি সদস্যদের সঙ্গে মুরের আলোচনার পর এমন সিদ্ধান্ত আসলো। মুর ঘোষণা করেছেন এলএপিডি ৪০ সদস্যের একটি তদন্তকারী দলকে দায়িত্ব দিয়েছে। তারা আন্দোলনে পুলিশের ওপর আসা অভিযোগের ব্যাপারে তদন্ত করবে।

প্রজেক্ট ইসলামিক হোপের প্রতিষ্ঠাতা নাজি আলি বলেন, নির্দোষ লোকদের পুলিশ হয়রানি করলে তা মেনে নেওয়া হবে না। এমন ধরনের আচরণ কেউ করলে তাদের দায়বদ্ধতার মধ্যে আনা হবে। 

গত সপ্তাহে ব্ল্যাক লাইভস ম্যাটার লস এঞ্জেলেস আন্দোলন ও প্রতিবাদকারীরা লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট ও প্রধানের বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ আন্দোলনকারীদের দমাতে বলপ্রয়োগ ও আটক করা হয়েছে। এতে নাগরিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। 

এর আগে লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড সুপারভাইজর শুনানি করলেও ভোটে কোনো সিদ্ধান্ত হয়নি। কমিউনিটি নেতারা যারা মঙ্গলবার মুরের সাথে দেখা করেছেন তারা শেরিফ অ্যালেক্স ভিলানেুয়েভার সাথে বুধবার দেখা করার পরিকল্পনা করছেন। যাতে পরিস্থিতি নিয়ে আলাপ করা যায়।


এলএ/বাংলা টাইমস/এন/এইচ