করোনাভাইরাস মহামারির কারণে লাগাতার বন্ধ থাকার পর ডিজনি কর্তৃপক্ষ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় তাদের থিম পার্ক জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে খুলে দেওয়ার পরিকল্পনা করছে। বুধবার এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ক্যালিফোর্নিয়ায় ডিজনির অ্যাডভেঞ্চার ১৭ জুলাই থেকে চালুর কথা ভাবা হচ্ছে। ডিজনি থিম শপিং এলাকা খোলা হতে পারে ৯ জুলাই থেকে।
থিম পার্ক ভ্রমণে দর্শনার্থীদের অগ্রিম বুকিং প্রয়োজন হবে। এছাড়া ধারণক্ষমতা কমিয়ে আনা হবে। জনসমাগমের প্রয়োজন হবে এমন আয়োজন যেমন প্যারেড, নাইট-টাইম স্পেক্টাকুলার চালু হতে সময় লাগবে। এছাড়া ডিজনি ক্যারেক্টারগুলোও সাক্ষাৎ থেকে বিরত থাকবে।
করোনাভাইরাস মহামারির কারণে গত ১৪ মার্চ থেকে বন্ধ হয়ে যায় ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড। এটি খুলে দেওয়ার জন্য এখনো সরকারের অনুমতি প্রয়োজন রয়েছে। গত ৬৫ বছরে থিম পার্কটি মাত্র কয়েকবার বন্ধ ছিল। তাও এক কী দুই দিনের জন্য। ডিজনিল্যান্ডের ঐতিহাসিকরা এমনই তথ্য জানিয়েছেন।
সর্বশেষ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর বন্ধ হয়ে গিয়েছিল ডিজনিল্যান্ড।
এলএ/বাংলা/টাইমস/এনএইচ