বৃহস্পতিবার লস এঞ্জেলেস কাউন্টিতে নতুন ১৮৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এই কাউন্টিতে এটিই একদিনে সর্বোচ্চ সংক্রমণ। গত তিনমাস আগে শুরু হওয়া করোনা মহামারিতে একদিনে এত রোগী পূর্বে শনাক্ত হয়নি।
এছাড়া, লং বীচ ও পাসাডেনায় আরও ৮৪ করোনা রোগী পাওয়া গেছে। সেখানে নিজস্ব হেলথ ডিপার্টমেন্ট রয়েছে। ১০ মিলিয়ন জনসংখ্যার কাউন্টিতে তাই বৃহস্পতিবার সর্বোমোট করোনা রোগীর সংখ্যা নতুন করে ঘোষণা হয়েছে ১৯৪১ জন।
এ পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে মোট করোনা রোগীর সংখ্যা ৬৮ হাজার ৯৫৯। এছাড়া মারা গেছেন ২৮১৮ জন।
কাউন্টিতে বড় পরিসরে বিনোদন ও ব্যবসা চালুর হওয়ার একদিন আগে এত বেশি সংক্রমণ ধরা পড়ল। লস এঞ্জেলেস কাউন্টিতে চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান নির্মাণ শুরু হচ্ছে। আরও খুলছে জিম, ফিটনেস সেন্টার, দর্শকছাড়া খেলা, ডে ক্যাম্প, মিউজিয়াম, গ্যালারি, চিড়িয়াখানা, সুইমিংপুল ইত্যাদি।
তবে কাউন্টি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এসব ব্যবসা চালুর পূর্বে যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলা আবশ্যিক। হেলথ ডিরেক্টর বারবারা ফেরার আশঙ্কা জানিয়েছেন, এখনো করোনা ছড়িয়ে পড়ার প্রচুর ঝুঁকি রয়েছে।
এলএ/বাংলা টাইমস/এন/এইচ