লস এঞ্জেলেস

নার্ভাস গ্যারসেটি, গুরুত্ব দিলেন সামাজিক দূরত্ব বজায়ের ওপর


করোনাকে পেছনে ফেলে চেষ্টা করা হচ্ছে লস এঞ্জেলেসের অর্থনীতি পুনরায় সচলের। তবে করোনা শনাক্তের হার হঠাৎ করে বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে আশঙ্কা। এলএ মেয়র এরিক গ্যারসেটি এমন পরিস্থিতিতে জানালেন তিনি কিছুটা নার্ভাস। তবে গুরুত্ব দিচ্ছেন সামাজিক দূরত্ব বজায়ের ওপর। শুক্রবার এই মন্তব্য করেন মেয়র। 


গ্যারসেটি সংবাদ সম্মেলনে বলেন, এটি কখনোই সহজ সময় নয়। কিন্তু জীবন বাঁচাতে যা যা করা প্রয়োজন লস এঞ্জেলেস সবই করছে। 

তিনি আরও বলেন, আমরা শিখেছি কীভাবে করোনার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হবে। নিরাপদে থাকতে হবে। কিন্তু বিরক্তির ব্যাপার হচ্ছে কেউ কেউ হাল ছেড়ে দিচ্ছে। মাস্ক পরছে না, সামাজিক দূরত্ব বজায় রাখছে না। এ বিষয়টি আমি আর বেশি  নিতে পারছি না।

করোনার বিরুদ্ধে জয় পেতে হলে হাত ধুতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক পরতে হবে। এতে পরিবার আত্মীয় স্বজন ও অন্যান্যদের জীবন নিরাপদ হবে। এছাড়া সবকিছু খুলে দিতে স্টেট ও কাউন্টিকে আরও সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন এরিক গ্যারসেটি।

ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অফিসিয়াল শুক্রবার জানিয়েছে রাজ্যজুড়ে ১ লাখ ৪২ হাজার ৯৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৯৪৩ জন। 

এদিকে লস এঞ্জেলেস কাউন্টির হেলথ ডিপার্টমেন্ট জানায় শুক্রবার নতুন করোনা রোগী শনাক্তের সংখ্যা ১৬৩৩। এছাড়া মারা গেছেন ২০ জন। এ পর্যন্ত কাউন্টিতে ৭০ হাজার ৪ শ ৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা  গেছেন ২ হাজার ৮ শ ৩২ জন।

লস এঞ্জেলেস কাউন্টিতে চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান নির্মাণসহ, জিম, ফিটনেস সেন্টার, দর্শকছাড়া খেলা, ডে ক্যাম্প, মিউজিয়াম, গ্যালারি, চিড়িয়াখানা, সুইমিংপুল ইত্যাদি চালু হচ্ছে। এরই মধ্যে বৃহস্পতিবার লস এঞ্জেলেস কাউন্টিতে নতুন করে ১৯৪১ জন করোনা রোগী শনাক্ত হন। যা করোনা মহামারির পর থেকে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।


/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ