লস এঞ্জেলেস কাউন্টিতে অর্থনীতি সচলের সাথে সাথে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও। যা দুশ্চিন্তার জন্ম দিয়েছে। গভর্নর গেভিন নিউসাম জানিয়েছেন, এলএ কাউন্টির ব্যাপারে তিনি নির্দিষ্টভাবে উদ্বিগ্ন। একেক অঞ্চলে একেক রকম, ব্যবস্থাগ্রহণ প্রয়োজন। সব এলাকার পরিস্থিতি এক নয়।
রাজ্যের তিন ধাপ করোনা কৌশলে কাউন্টিগুলোকে নিজেদের সাহায্য করতে হবে বলে মন্তব্য করেন নিউসাম। লস এঞ্জেলেস কাউন্টিসহ অন্য ৬টি কাউন্টি নিয়ে দুশ্চিন্তার মতো বিষয় দেখা দিয়েছে বলে জানিয়েছেন সেক্রেটারি অব দ্য ক্যালিফোর্নিয়া হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের ডক্টর মার্ক গ্যালি।
যেসব কাউন্টিতে প্রতি ১ লাখে আক্রান্তের সংখ্যা ১০০ এর বেশি থাকে। সেসবে বাড়তি কৌশল নিতে হবে। যেমন লস এঞ্জেলেসে এ সংখ্যা ১৬২ জন করে।
করোনাভাইরাসে ক্যালিফোর্নিয়ায় মৃতের সংখ্যা ৫ হাজার ও আক্রান্ত ১ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে নিউসাম বললেন, সবাইকে মনে রাখতে হবে, মহামারি থেকে বের হয়ে আসতে কোনো সহজ উপায় নেই।
নিউসাম তার বক্তব্যে বিভিন্ন সফল পদক্ষেপের কথা উল্লেখ করেন। এরমধ্যে স্বাস্থ্য সচেতনতা ও টেস্টের সংখ্যাও রয়েছে। হাসপাতালে ভর্তি আইসিইউ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানান গভর্নর। প্রায় ১১ হাজার ভেন্টিলেটর সেবার সক্ষমতা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
নিউসাম বলেন, আমাদের দৃঢ় থাকতে হবে। আমরা এখনো আশা হারাইনি।
মহামারি শুরুর পর হতে গত কয়েকদিনে লস এঞ্জেলেস কাউন্টিতে তিনটি সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের দিন রেকর্ড করা হয়েছে। শুক্রবারও নতুন করে ১৬৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। হেলথ ডিপার্টমেন্ট এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার কাউন্টিতে সর্বমোট করোনা রোগীর সংখ্যা নতুন করে ঘোষণা হয়েছে ১৯৪১ জন। যা একদিনের হিসেবে এ পর্যন্ত সর্বোচ্চ।
/এলএল/ বাংলা টাইমস/এন/এইচ