প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কাঁপছে পুরো বিশ্ব। আর বাংলাদেশের অবস্থা তো দিনকে দিন খারাপ হচ্ছে। আর তাই চলমান এই করোনা পরিস্থিতি নিয়ে গবেষণা করছে বাংলাদেশি নর্থ আমেরিকান চিকিৎসকদের সংগঠন (বিএমএএ নএ)। সংগঠনটির পক্ষ থেকে চলমান এই গবেষণার জরিপ কাজে সকল আমেরিকান বাংলাদেশিদের অংশগ্রহণের অনুরোধ জানানো হয়। সেইসাথে এই জরিপ কাজে বাংলাদেশিরাও অংশ নিতে পারবে বলে জানানো হয় এলএ বাংলা টাইমের কাছে পাঠানো তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে।
প্রেস রিলিজে বলা হয়, কোভিড-১৯ এর আকস্মিক মহামারিতে, সবাই যে যার জায়গা থেকে অকল্পনীয় এবং অপ্রত্যাশিত ভোগান্তির শিকার। আপনার, আমার, সমগ্র বিশ্ববাসীর জন্যেই এমন পরিস্থিতি খুবই দুঃখজনক। আর চলমান এই পরিস্থিতিতে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা (বিএমএএনএ) এর চিকিৎসকরা আক্রান্ত রোগীদের দিনরাত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। সেইসাথে পেশাগত ও নৈতিক দায়িত্ববোধ থেকে সবার পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের চেষ্টা সবসময় যাতে বাংলাদেশি জনগনের পাশে দাঁড়ানো যায়। সেইসাথে এমন মহামারিতে আর কেউ যেন কারো প্রিয়জন না হারান সেই লক্ষ্যে কাজ করছে।
আরো বলা হয়, সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে আপনি কোন ধরণের বাধার সম্মুখীন হয়েছেন। সেইসাথে চলমান পরিস্থিতি বাংলাদেশি আমেরিকান এবং দেশে অবস্থিত বাংলাদেশিদের মানসিক স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়েছে। এই বিষয়ের উপর বিএমএএ নএ থেকে ২ টি জরিপ পরিচালনা করা হচ্ছে। এই জরিপে অংশ নেওয়ার জন্য কোন ব্যক্তিগত তথ্য (যেমনঃ নাম, পরিচয়, মোবাইল নম্বর বা ইমেইল) দেওয়ার প্রয়োজন নেই। সেইসাথে জরিপ কাজের জন্য সংগৃহীত আপনার ব্যক্তিগত কোন তথ্যই প্রকাশ করা হবে না। তবে সংগঠনটির করা এই জরিপ কাজে শুধু বাংলাদেশি এবং আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের অংশগ্রহনের অনুরোধ করা হয়।
প্রকল্পটি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা (সেন্ট্রাল কমিটি) এর সাইন্টিফিক এন্ড সোশ্যাল ডেস্ক এবং ইয়ং ফিজিসিয়ান ডেস্ক-এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। গবেষণা কাজটির মূল উদ্দেশ্য হিসেবে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা। যাতে করে আর কখনো কোনো মহামারিতে কিংবা দূর্যোগে, চিকিৎসা সেবায় পিছিয়ে না থাকে। আর মহৎ এই কাজটি করার জন্য সবাইকে জরিপ কাজে অংশ নেওয়ার অনুরোধ করা হয়।গুগল ডকের মাধ্যমে নেওয়া এই অনলাইন জরিপ ২টি তে এখন ই তথ্য দিতে পারেন shorturl.at/bU578 ও shorturl.at/myCG3 লিঙ্কে গিয়ে।
এলএ বাংলা টাইমস/এম/বিএইচ