ধস নেমেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায়। কারণ হিসেবে দেখা হচ্ছে করোনাভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া, অর্থনীতির সংকট ও সবশেষে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড। ট্রাম্পের গ্রহণযোগ্যতাও কমেছে যুক্তরাষ্ট্রে। বিপরীতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জনপ্রিয় হচ্ছেন।
নির্বাচন ঘনিয়ে আসার সময়ে এই জরিপ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও বাজার গবেষণা প্রতিষ্ঠান ইপসস। জরিপে দেখা গেছে, বাইডেন গ্রহণযোগ্যতায় ট্রাম্পের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে। এ বছর এটিই সর্বোচ্চ।
নিবন্ধিত ভোটাররা জরিপে অংশ নিয়েছেন। জরিপ চলেছে ১০ থেকে ১৬ জুন। ফলাফলে দেখা যায়, নভেম্বরের মার্কিন নির্বাচনে জো বাইডেনকে সমর্থন দিচ্ছেন ৪৮ শতাংশ ভোটার। অপরদিকে ট্রাম্পের সমর্থন ৩৫ শতাংশ। এর আগে অন্য একটি জরিপেও ১৪ পয়েন্ট এগিয়ে ছিলেন বাইডেন।
মোট ৫৭ শতাংশ মার্কিনি ট্রাম্পের কাজে অসন্তুষ্ট। তবে ৩৫ শতাংশ সন্তুষ্ট বলে জানা গেছে রয়টার্স-ইপসস জরিপে। গত নভেম্বরের পর এবারই জরিপে খারাপ অবস্থায় আছেন ট্রাম্প। এছাড়া রিপাবলিকানদেরও সমর্থন হারাচ্ছেন ট্রাম্প। গত মার্চের তুলনায় জুনে দলের কাছে তার সমর্থন কমেছে ১৩ পয়েন্ট।
এলএ/বাংলা টাইমস/এন/এইচ