সিস্টেমিক রেসিজম বা বর্ণবাদ ও পক্ষপাতিত্ব দূর করতে প্রশাসন সংস্কারের নতুন উদ্যোগ নিলেন লস এঞ্জেলেস মেয়র এরিক গ্যারসেটি। তাই প্রথমবারের মতো চিফ ইকুয়িটি অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্রেন্ডা শোকলেকে। শুক্রবার এই পদক্ষেপ নেওয়া হয়।
রেসিজমের বিরুদ্ধে সোচ্চার গ্যারসেটি আরো জানান, সিটির সকল ম্যানেজার একজন করে রেসিয়াল ইকুয়িটি অফিসার নিয়োগ দিবেন। তাদের বাৎসরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। দায়িত্ব পাওয়া অফিসারদের কাজ হবে ওসব ডিপার্টমেন্টে সমতা বজায়ে পদক্ষেপ রাখা।
মেয়র বলেন, যদি বর্ণবাদবিরোধী আন্দোলন একটি বিষয়ও সামনে নিয়ে আসে, সেটি হলো সিস্টেমে রেসিজম বিলোপের বিষয়টি জরুরি করে তোলা। ও ভুল শোধরানো। যারা স্বপ্ন দেখে ও পরিশ্রম করে লস এঞ্জেলেস তাদের শহর। আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবি ও তা বাস্তবে রুপান্তরিত করি।
গ্যারসেটি আরো বলেন, বৈষম্য দূর করতে আমাদের অনেক কিছুই করার আছে। লস এঞ্জেলেস ভুল করবে না। আমরা আরো ভালো ভবিষ্যত নির্মাণে সামনে এগিয়ে যাব। প্রতিবাদকারীরা এসব বিষয় সামনে নিয়ে এসেছে বলে জানিয়েছেন মেয়র।
এদিকে চিফ ইকুয়িটি অফিসার হিসেবে নিয়োগ পাওয়া ব্রেন্ডা শোকলে বলেন, তিনি সম্মানিতবোধ করছেন। বর্ণবাদের বিরুদ্ধে কাজ করার সুযোগ তিনি কাজে লাগিয়ে সমতা বজায় রাখতে চান।
এলএ/বাংলা টাইমস/এন/এইচ