লস এঞ্জেলেস কাউন্টির ইউএসসি মেডিকেল সেন্টার থেকে দুই শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। শিশু দুইটি সম্পর্কে ভাই-বোন। ধারণা করা হচ্ছে, অপহরণকারী মূলত শিশুদের পিতা। শিশু দুইটির অবস্থান সনাক্ত করতে জনসাধারণের সহায়তা চেয়েছে লস এঞ্জেলেস কর্তৃপক্ষ।
লস এঞ্জেলেসের কাউন্টি শেরিফ জানিয়েছেন, রাত নয়টার দিকে কাউন্টি ইউএসসি মেডিকেল সেন্টার থেকে ১৪ বছরের এনিসা কর্টেজ ও ১২ বছরের ক্রিস্টোফার কর্টেজ নামের দুইটি শিশুকে অপহরণ করা হয়।
এনিসা কর্টেজকে সর্বশেষ গাঢ় সবুজ জামা ও সাদা স্কার্ট পরিহিত অবস্থায় দেখা গেছে। এনিসার উচ্চতা আনুমানিক ৪ ফুট ১০ ইঞ্চি ও ওজন ১৪৭ পাউন্ড।
অনসন্ধানের দায়িত্বে থাকা কর্মকর্তারা ধারণা করেছেন, অপহৃত শিশু দুইটি তাদের পিতা ক্রিস্টোফার সি কর্টেজের (৩৮) সাথেই আছে। জানা গেছে, ক্রিস্টোফার কর্টেজের উচ্চতা আনুমানিক ৫ ফুট ৯ ইঞ্চি ও ওজন ১৮৫ পাউন্ড। চুলের রঙ কালো ও চোখ বাদামি।
শেরিফ ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে, শিশু দুইটিকে সর্বশেষ তাদের পিতার সাথে কালো রঙ এর একটি ভ্যানগাড়িতে দেখা গেছে।
শিশু দুইটির অবস্থান সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে শেরিফ ডিপার্টমেন্টের ৫৬২-৫২২-২৫৭৪ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি পরিচয় গোপন রেখে কেউ তথ্য দিতে চাইলে ক্রাইম সাপোর্টস এর (৮০০-২২২-৮৪৭৭) নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম