লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর নিউসাম

তীব্র হিট ওয়েভে জনজীবন বিপর্যস্ত ক্যালিফোর্নিয়ায়। তার উপর ক্যালিফোর্নিয়ার বিভিন্নস্থানে আঘাত হেনেছে দূর্লভ 'সামার থান্ডারস্ট্রম'। ফলে দাবানল সৃষ্টি হয়েছে রাজ্যটির ৩০টির বেশি জায়গা জুড়ে। 

তাই পরিস্থিতি মোকাবেলায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে রাজ্যজুড়ে জরুরি অবস্থার ঘোষণা করেন। 

গেভিন নিউসাম বিবৃতিতে বলেন, ক্যালিফোর্নিয়ার বর্তমান অবস্থা ও দাবানল মোকাবেলায় আমরা প্রতিটি জনবল নিয়োগ করেছি। আশা করছি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আসবে৷ 

এদিকে, এরই মধ্যে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে দেশটিতে৷ ক্যালিফোর্নিয়া ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটর রাজ্যের কয়েকটি পাওয়ার গ্রীডে দুই নম্বর সতর্ক সংকেত জারি করেছে৷ 

ক্যালিফোর্নিয়ার চলমান গরমে চলতি সপ্তাহজুড়ে ৪২ মিলিয়ন মানুষকে দুর্ভোগ পোহাতে হবে বলে জানিয়েছেন আবহবিদ্যাবিদ মিশেল গাই। রাজ্যটির কোথাও তাপমাত্রা ১০০ ফারেনহাইট ছাড়িয়ে যাবে বলেও জানান তিনি। 

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহবিদ্যাবিদ ব্রায়ান গার্সিয়ার দাবি- দাবানল, হিট-ওয়েভ আর বজ্রপাতের কারণে ক্যালিফোর্নিয়ার আবহাওয়া ও পরিবেশ এক অদৃষ্টপূর্ব ঐতিহাসিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে৷ 


এলএবাংলাটাইমস/ওএম