লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় জারি হলো 'স্টে-এট-হোম'

সাউদার্ন ক্যালিফোর্নিয়া ও স্যান জোয়াকুইন ভ্যালি- এই দুই অঞ্চলে জারি করা হয়েছে 'স্টে-এট-হোম'। দুই অঞ্চলের হাসপাতালগুলোতেই করোনার রোগী উপচে পড়ছে। ইতোমধ্যে ইনসেনটিভ কেয়ারে স্থান কমে নেমে এসেছে ১৫ শতাংশে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে তাই তড়িঘড়ি স্টে-এট-হোম বা বাসিন্দাদের ঘরে থাকতে নির্দেশ জারি করা হয়েছে৷ গভর্নর গেভিন নিউসাম অফিস এই পরিপত্র জারি করেছে। রবিবার (৬ ডিসেম্বর) রাত ১১.৫৯ এর পর থেকেই নতুন এই নীতিমালা কার্যকর হচ্ছে। লস এঞ্জেলেস ও স্যান ডিয়েগোসহ অন্যান্য অঞ্চলের মোট ২ কোটি ৭০ লাখ বাসিন্দার উপর নতুন নীতিমালা কার্যকর হচ্ছে৷ গভর্নর নিউসাম জানিয়েছে, যেসব অঞ্চলের হেলথ কমপ্লেক্স কিংবা হাসপাতালে ইনসেনটিভ কেয়ারের স্থান সংকুলান ক্যাপাসিটি ১৫ শতাংশে কমে আসবে, সেসব অঞ্চলেই 'স্টে-এট-হোম' অর্ডার জারি করা হবে। সাউদার্ন ক্যালিফোর্নিয়ার হাসপাতাগুলোতে ইনসেনটিভ কেয়ারের স্থান সংকুলান ব্যবস্থা নেমে এসেছে ১২ শতাংশে, আর স্যান জোয়াকুইন এ মাত্র ৮ শতাংশ আসন খালি রয়েছে। প্রসঙ্গত, শনিবার (৫ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ায় আবারো সর্বোচ্চ আক্রান্ত এবং দৈনিক সর্বোচ্চ হাসপাতালে ভর্তি সংখ্যার রেকর্ড হয়েছে। এদিন ক্যালিফোর্নিয়ায় ২৫ হাজার নতুন বাসিন্দা আক্রান্ত হওয়ার পাশাপাশি হাসপাতালে ভর্তি হয়েছে ১০ হাজারের উপর বাসিন্দা৷ এলএবাংলাটাইমস/ওএম