লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় ট্রাম্প সমর্থক ও বিরোধীদের সংঘর্ষ

ক্যালিফোর্নিয়ায় ডোনাল্ড ট্রাম্প সমর্থক ও ট্রাম্প বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া এবং গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৫ ডিসেম্বর) রাতে ক্যালিফোর্নিয়া স্টেট ক্যাপিটলে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে সংঘর্ষের সূত্রপাত ঘটে, সেটি জানা যায়নি। শনিবার রাতে ক্যালিফোর্নিয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও হুট করেই ফিফথটিন স্ট্রিটের কাছে গাড়ি ভাংচুর শুরু হয়। মূলত পার্ক করে রাখা গাড়ির উপর হুট করেই ট্রাম্প সমর্থকরা হামলা চালায় বলে জানা যায়। তারা রাস্তা ও পার্কিং এ পার্ক করে রাখা গাড়িগুলোতে রঙ দিয়ে ট্যাগ আঁকতে শুরু করে। সেইসাথে বেশকিছু গাড়ির টায়ার ফুটো করে দেওয়া হয়। এছাড়া অনেক গাড়ির উইন্ডশিল্ড ও কাঁচ ভাংচুর করতে থাকে দুষ্কৃতকারী
সমর্থকেরা। এ সময় ট্রাম্প বিরোধী আন্দোলনকারীরা বের হয়ে আসলে সংঘর্ষের ঘটনা ঘটে। একটু পর দুই দলই ঘটনাস্থল থেকে সরে যায়। সেক্রামেন্টো পুলিশ জানায়, পুলিশের হস্তক্ষেপের পর দুই দলই আলাদা হয়ে যায়। তবে এর আগে এক দল আরেক দলের উপর বোতল ও আতশবাজি নিক্ষেপ করে। তবে পুলিশ আসার আগেই অনেক গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে যায়। এখন পর্যন্ত এই ঘটনায় আহতের সন্ধান পাওয়া যায়নি। পাশাপাশি কোনো দলই এখন পর্যন্ত মামলা করেনি। এলএবাংলাটাইমস/ওএম