ক্যালিফোর্নিয়ার আইনসভার ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম একজন ব্যক্তিকে আইনসভার ধর্মকথক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ইমাম মোহাম্মদ ইয়াসির খানকে আইনসভার ধর্মকথক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডিসেম্বরের ৭ তারিখ। ২০২০-২১ সালের সেশনের জন্য সাধারণ সভায় তাঁকে নিয়োগ দেন ক্যালিফোর্নিয়া স্টেট এসেম্বলির স্পিকার এন্থনি রেনডন।
ক্যালিফোর্নিয়া স্টেট স্পিকার এন্থনি রেনডন বলেন, ক্যালিফোর্নিয়ার ক্রমবর্ধমান সাংস্কৃতিক বৈচিত্র্যতার উদাহরণ হিসেবে ইমাম মোহাম্মদ ইয়াসির খানকে আইনসভার ধর্মকথক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ইমাম মোহাম্মদ ইয়াসির খান গত ছয় বছর কাউন্টি জেল, শেরিফ অফিস ও হাসপাতালের ধর্মকথক হিসেবে কাজ করেছেন। আল-মিসবাহ নামের একটি স্বেচ্ছাসেবী অলাভজনক প্রতিষ্ঠানও রয়েছে তাঁর।
আল-মিসবাহ মূলত সেক্রামেন্টো ফুড ব্যাংকের সাথে সম্মিলিত হয়ে খাদ্য সংকট নিরসণে কাজ করে থাকে। এছাড়া নিম্ন আয়ের মানুষদের সহায়তা করে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।
আইনসভার ধর্মকথক হিসেবে নিয়োগ পাওয়ার পর ইমাম মোহাম্মদ ইয়াসির খান জানান, সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি এখানে নিয়োগ পেয়েছি। আমি কৃতজ্ঞ।
মূলত আইনসভা শুরু হওয়ার আগে ধর্মগ্রন্থ থেকে পাঠ করে সভা শুরু করার দায়িত্বে থাকেন একজন ধর্মযাজক। তবে ইমাম মোহাম্মদ ইয়াসির খান এই দায়িত্ব পালনকানে সকল ধর্মালম্বীদের একত্রে নিয়ে আসার চেষ্টা করবেন বলে জানান।
এলএবাংলাটাইমস/ওএম