লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে ৮ দিনে আক্রান্ত ১ লাখ

লস এঞ্জেলেসে করোনার সংক্রমণ সম্পূরক হারে বাড়তে শুরু করেছে। সর্বশেষ এক লাখ বাসিন্দার মধ্যে সংক্রমণ ঘটতে সময় লেগেছে মাত্র আট দিন। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, 'অন্যান্য যে কোনো সময়ের থেকে সংক্রমণ আরো দ্রুতবেগে হচ্ছে'। আক্রান্তের পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও চাপ বেড়েছে অনেক। ইতোমধ্যে জরুরি বিভাগে আসন সংকট দেখা দিয়েছে। সেই সাথে রয়েছে প্রয়োজনীয় উপকরণ ও লোকবলের সংকট। এদিকে, শনিবার লস এঞ্জেলেসে আরো ৬০ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৮১৭ জনে। একই দিনে মোট আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৭৫৬ জন বাসিন্দা। করোনা আক্রান্ত সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ডও হয়েছে শনিবার। এদিন মোট ৫ হাজার ৪৫৪ জন বাসিন্দা হাসপাতালে ভর্তি হয়। আগের দিনের থেকে শনিবারে মোট রোগী ভর্তির সংখ্যা ৩০০ জন বেশি৷ হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে ২১ শতাংশ রোগীর অবস্থা সংকটাপন্ন ছিলো। এদের প্রত্যেককে জরুরি বিভাগে রাখা হয়। এলএ কাউন্টি হেলথ ডিরেক্টর ড. বারবারা ফেরেরা বলেন, 'করোনার কারণে প্রতিদিন অসংখ্য মানুষের কষ্ট ও দূর্দশার সাক্ষী হচ্ছি আমরা'। তিনি আরো বলেন, 'কাউন্টির স্বাস্থ্যকেন্দ্রগুলোতে লোকবল ও প্রয়োজনীয় উপকরণের সংকট থাকা সত্ত্বেও রোগীদের সর্বাত্মক সেবা দেওয়া হচ্ছে'। বড়দিনের পার্টি এড়িয়ে যেতে পরামর্শ দিয়ে স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, 'থ্যাংকসগিভিং হলিডের সময় বাসিন্দাদের ভ্রমণের জন্য সংক্রমণ বেড়েছে। নতুন করে আরেক দফা সংক্রমণের ঢেউ লস এঞ্জেলেস নিতে পারবে না'। লস এঞ্জেলেসে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কঠোর নীতিমালা জারি রেখেছে কর্তৃপক্ষ। চলছে কারফিউ, বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, সীমিত করা হয়েছে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় জানুয়ারি মাসে কঠোর লকডাউন জারি করার দাবি তুলেছেন শিক্ষক, নার্স, স্বাস্থ্যকর্মী, গ্রোসারি স্টোর মালিক ও হোটেল স্টাফদের সম্মিলিত ইউনিয়ন। এএলএবাংলাটাইমস/ওএম