শীতের ছুটি শুরু হওয়ার আগেই করোনা বিষয়ে ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের সতর্ক করে দিলো কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়াবাসী যদি গতানুগতিক ভাবে শীতকালীন ছুটি উদযাপন করেন, তাহলে খুব দ্রুত আরো ভয়ংকর করোনার সংক্রমণ ঘটবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
রাজ্যটিতে গত দুই সপ্তাহে ৫ লাখ বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম জানিয়েছেন, প্রজেকশন মডেলের মাধ্যমে দেখা গেছে, আগামী এক মাসে অন্তত এক লাখ বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হবে।
সংক্রমণ কমাতে বাসিন্দাদের ঘরে থাকতে অনুরোধ জানাচ্ছে কর্তৃপক্ষ। সেই সাথে বাইরে জনসমাগম এড়িয়ে চলতে ও অবশ্যই মাস্ক পড়তে পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ।
লস এঞ্জেলেসের কাউন্টি ডিরেক্টর বারবারা ফেরেরা বলেন, 'আসন্ন ছুটিতে বাসিন্দারা যদি যথাযথভাবে করোনা স্বাস্থ্যবিধি না মেনে চলে, তবে ২০২১ সালে অনেকেই আর আমাদের মাঝে থাকবে না'।
ক্যালিফোর্নিয়ায় এখন গড়ে প্রতিদিন ৪৪ হাজার বাসিন্দা করোনায় আক্রান্ত হচ্ছে। গত দুই সপ্তাহে গড়ে প্রতিদিন মারা যাচ্ছে ২৩৩ জন বাসিন্দা৷ মোট আক্রান্ত হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার বাসিন্দা। এর মধ্যে সনাক্তের ১২ শতাংশ রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এর মানে গত ১৪ দিনে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ হাজার বাসিন্দা। বর্তমানে ক্যালিফোর্নিয়ার সব কাউন্টির স্বাস্থ্যকেন্দ্রে ১৭ হাজার ১৯০ জন করোনা রোগী ভর্তি রয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম