দূরবর্তী কোনো স্থান থেকে লস এঞ্জেলেস কাউন্টিতে আসলে ভ্রমণকারীকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ করোনার চলমান ঢেউ সামাল দিতে এই নিয়ম জারি করেছে কর্তৃপক্ষ।
এর আগে ভ্রমণকারীর করোনা উপসর্গ থাকলেই শুধুমাত্র কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ছিলো। লস এঞ্জেলেস কাউন্টির আগে সান্টা ক্লারা এবং সান ফ্রান্সিসকো কাউন্টিতে ভ্রমণে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়৷
থ্যাংকসগিভিং ও বড়দিনের ছুটিতে বাসিন্দারা ভ্রমণ করায় ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোতে করোনার সংক্রমণ অনেক বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এতে সংক্রমণের ঢেউ আরো উস্কে যাচ্ছে।
কোয়ারেন্টাইনে কাদের থাকতে হবে?
সাউদার্ন ক্যালিফোর্নিয়া রিজিওনের বাইরে থেকে যারা অবসর যাপন করতে কিংবা খুব জরুরি প্রয়োজন ছাড়া পরিবারের কারো সাথে দেখা করতে আসবে, তাদের বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
কোয়ারেন্টাইনের নিয়ম কী?
কোয়ারেন্টাইনের ১০ দিন ভ্রমণে আসা ব্যক্তিকে অবশ্যই ঘরে থাকতে হবে। সবার সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। যে কোনো প্রয়োজনে অন্য কারো সাহায্য নিতে হবে।
এলএবাংলাটাইমস/ওএম