লস এঞ্জেলেস

টিকা বিরোধী সমর্থকদের তাণ্ডবে ডজার স্টেডিয়াম টিকাদান কেন্দ্র বন্ধ!

লস এঞ্জেলেসে টিকা বিরোধী (এন্টি-ভ্যাকসিন) সমর্থকদের বিক্ষোভের কারণে সাময়িক সময়ের জন্য ডজার স্টেডিয়াম টিকাদান কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছে৷ টিকা বিরোধী বিক্ষোভকারীদের তাণ্ডব এবং বাধার মুখে রোববার (৩১ জানুয়ারি) কাউন্টির সবচেয়ে বড় কেন্দ্রটি বন্ধ করা হয়েছে। টিকা বিরোধী বিক্ষোভকারীরা ডজার স্টেডিয়ামের টিকাদান কেন্দ্রের প্রবেশ পথ বন্ধ করে দেয়। একই সাথে লাইনে দাঁড়ানো টিকা প্রত্যাশীদের সরিয়ে দেয় বিক্ষোভকারীরা৷ প্রায় ৩০ জনের মতো সমর্থক টিকাবিরোধী ফ্যাস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে এই তাণ্ডব চালায়। এই ঘটনায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন টিকা নিতে আসা বাসিন্দারা। অনেকেই দূর-দূরান্ত থেকে টিকা নিতে আসেন, তবে বিক্ষোভকারীদের বাধার মুখে টিকা নিতে পারেননি তারা৷ টিকা নিতে না পারায় হতাশ বাসিন্দারা বলেন, 'এটি খুবই ভুল কাজ হয়েছে'। বিক্ষোভকারীরা করোনা বলতে সত্যিকার অর্থে কিছু নেই, এটি ভুয়া- এসব বলে টিকা প্রত্যাশীদের সরিয়ে দেয়। মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমন্বয় করে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। এরা এটির নাম দিয়েছে 'স্ক্যামডেমিক মার্চ'। বিক্ষোভকারীরা ট্রাম্প-সমর্থক। সোশ্যাল মিডিয়ার পোস্টে বলা হয়েছে, 'ট্রাম্পের কোনো ছবি সম্বলিত টি-শার্ট পড়া যাবে না৷ ইনফরমেশনাল তথ্য রাখা যাবে'। এটিকে 'করোনা-ভ্যাকসিন-মাস্ক-লকডাউন-ফাউসি' বিরোধী বিক্ষোভও বলা হয়েছে। তবে খুব দ্রুতই টিকাদান কেন্দ্রগুলো খুলে দেয়া হবে বলে জানিয়েছেন গভর্নর অফিস। যাদের টিকা নেওয়ার কথা ছিলো, তারা টিকা নিয়ে ফিরতে পারবেন বলে জানানো হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম