সাউদার্ন ক্যালিফোর্নিয়ার জন্য আতঙ্ক হতে পারে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন স্ট্রেইন B.1.1.7। আসন্ন দিনগুলোর মধ্যে নতুন এই স্ট্রেইনটি ব্যাপক হারে ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সংক্রমণ যে কোনো মূল্যে নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি নতুন স্ট্রেইন কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে স্বাস্থ্য ব্যবস্থার মারাত্মক বিপর্যয় ঘটবে। একই সাথে দ্রুত টিকাগ্রহণ করার উপরও জোর দেন স্বাস্থ্য কর্মকর্তারা।
এখন পর্যন্ত B.1.1.7 স্ট্রেইনটি যুক্তরাষ্ট্রের ৩৭টি রাজ্যে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছে ৪৬৭ জন বাসিন্দা। রাজ্যগুলোর মধ্যে নতুন স্ট্রেইনে আক্রান্ত সর্বোচ্চ রোগী পাওয়া গেছে ফ্লোরিডায়, ১৪৭ জন। এরপরই দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্যালিফোর্নিয়া। এখানে নতুন স্ট্রেইনে আক্রান্ত সর্বোচ্চ রোগীর সংখ্যা হলো ১১৩ জন।
এদিকে, লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্যকর্মকর্তারা বলছেন, আগামী সপ্তাহের মধ্যেই নতুন স্ট্রেইন লস এঞ্জেলেসে ছড়িয়ে পড়তে পারে বড় আকারে। এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে দুইজন নতুন স্ট্রেইন B.1.1.7 এ আক্রান্ত রোগী পাওয়া গেছে। অপরদিকে সান বার্নার্ডিনো কাউন্টিতেও দুইজনের দেহে নতুন স্ট্রেইনের অস্বিত্ব শনাক্ত হয়েছে৷
ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোর মধ্যে নতুন স্ট্রেইন সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে সান দিয়েগো কাউন্টির মধ্যে। এখন পর্যন্ত এই স্ট্রেইনে আক্রান্ত হয়ে একজন বাসিন্দার মৃত্যু হয়েছে৷ হাসপাতালে ভর্তি আছে দুইজন। এছাড়া মোট আক্রান্ত কমপক্ষে ১০৯ জন বলে জানানো হয়েছে।
নতুন স্ট্রেইনে আক্রান্তদের বেশিরভাগের বয়স ৩০ এর মতো হলেও শিশু থেকে ৭৭ বছর বয়েসী মানুষ এই স্ট্রেইনে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে সান দিয়েগোর স্বাস্থ্য কর্মকর্তারা।
নতুন এই স্ট্রেইন সাধারণ করোনাভাইরাস থেকে ৫০ থেকে ৭০ গুণ বেশি দ্রুত ছড়াতে পারে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। একইসাথে নতুন স্ট্রেইনে মৃত্যুর সম্ভাবনাও বেশি বলে জানা গেছে।
এলএবাংলাটাইমস/ওএম