লস এঞ্জেলেস

সান্তা মারিয়া ভ্যালি ভ্রমণে পাবেন ১০০ ডলার!

ক্যালিফোর্নিয়ার সান্তা মারিয়া ভ্যালিতে ভ্রমণ করলে ভ্রমণকারীদের ১০০ ডলার করে দেওয়া হবে। এমনই এক দূর্দান্ত অফার দিয়েছে সান্তা মারিয়া কর্তৃপক্ষ। তবে সান্তা মারিয়া ভ্যালিতে ভ্রমণে যেয়ে সেখানের যে কোনো আবাসিক হোটেলে দুই রাত থাকতে হবে। তখন ভ্রমণকারীদের ১০০ ডলারের ভাউচার দেওয়া হবে। ভাউচার দিয়ে সেখানকার স্থানীয় পানশালা কিংবা রেস্টুরেন্টের বিল পরিশোধ করা যাবে। এই প্রমোশনাল অফারটি ফেব্রুয়ারির ৪ তারিখ থেকে শুরু হয়ে চলবে আগামী মার্চের ৩১ তারিখ পর্যন্ত। সান্তা মারিয়া ভ্যালি ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা থেকে ৫০ মাইল উত্তরে অবস্থিত। ক্যালিফোর্নিয়ার আকর্ষণীয় কিছু ভ্রমণযোগ্য স্থানের মধ্যে এটি অন্যতম। তবে সান্তা মারিয়াতে ভ্রমণের খরচ অনেক কম। সান্তা মারিয়া ভ্যালির ভিজিটর ব্যুরোর ডিরেক্টর জেনিফার হেরিসন বলেন, সান্তা মারিয়া ভ্রমণ পিপাসুদের অনেক কিছুই দিতে পারবে। এখানে রয়েছে দৃষ্টিনন্দন বিচ, হোটেল এবং বিশ্ববিখ্যাত কিছু পানীয়। এছাড়াও খুব স্বল্প বাজেটেই এখানে ভ্রমণ করা যায়। মূলত ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম রাজ্যজুড়ে লকডাউন জারি করে। ফলে বেশ কিছুদিন পুরোপুরি বন্ধ থাকে ছোট এই শহরের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। লকডাউন তুলে দেয়ায় তাই ভ্রমণ পিপাসুদের টানতেই এই প্রমোশনাল অফার চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। তবে ভ্রমণকারীদের সান্তা মারিয়া ভ্যালি কর্তৃপক্ষ ভ্রমণে উৎসাহিত করলেও সিডিসি কর্তৃক করোনা নীতিমালা কঠোরভাবে মেনে চলার কথা জানায়। সবাইকে সান্তা মারিয়া ভ্যালির সৌন্দর্য্য নিরাপদে ও সতর্কভাবে উপভোগ করার পরামর্শ দিয়েছে সান্তা মারিয়া কর্তৃপক্ষ। এলএবাংলাটাইমস/ওএম