লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতালগুলোতে কমছে করোনা রোগী ভর্তির সংখ্যা। এই বছরের জানুয়ারি মাসের থেকে ফেব্রুয়ারিতে এই সংখ্যা অনেক কমে গেছে বলে স্টেট ফিগারে দেখা গেছে।
জানুয়ারিতে প্রতিদিনই হাসপাতালে রোগীর সংখ্যা ৮ হাজারের বেশি থাকতো। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এই সংখ্যা কমে এসেছে ৩ হাজার ৯৭৩ জনে। এর মধ্যে জরুরি বিভাগে ভর্তি আছে এক হাজার ১৫৯ জন।
এদিকে, লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মৃতের সংখ্যা এখনো নিয়ন্ত্রণে না আসলেও আক্রান্তের সংখ্যা কমেছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মারা গেছে ২২৭ জন। করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৫৩ জন।
লস এঞ্জেলেস কাউন্টিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৩৬৭ জন, আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ লাখ ৫২ হাজার ৪৩০ জন।
এদিকে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমায় স্বস্তি প্রকাশ করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। দ্য কাউন্টি ডিপার্টমেন্ট অব হেলথ সার্ভিসেস সূত্র জানিয়েছে, কাউন্টির হাসপাতালজুড়ে ৮০৪টি আসন খালি রয়েছে। এর মধ্যে ৫৮টি বয়স্কদের জরুরি বিভাগ ও শিশুদের জন্য ২৪টি আসন রয়েছে।
তবে সুপার বোল পার্টিকে ঘিরে শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। আগামী দুই সপ্তাহ পর সংক্রমণ আবারো বাড়তে পারে বলে শঙ্কা আছে। এছাড়া ভ্যালেন্টাইন্স ডে ও প্রেসিডেন্ট ডে বিষয়ে সতর্কবার্তা জারি করেছে স্বাস্থ্য কর্মকর্তারা।
এদিকে সংক্রমণ কমতে থাকায় কাউন্টির এলিমেন্টারি স্কুলগুলো খুলে দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের। তবে এক্ষেত্রে আকান্তের হার প্রতি ১ লাখে ২৫ জনে নেমে আসতে হবে। বর্তমানে আক্রান্তের হার রয়েছে ৩১ দশমিক ৭ শতাংশ।
করোনার সংক্রমণ নিয়ে জোর টিকাদান কার্যক্রম চালু করেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত প্রায় ১০ লাখ ২৮ হাজার ডোজ টিকা পেয়েছে লস এঞ্জেলেস। এর মধ্যে ১০ লাখের উপর টিকা প্রয়োগ করা হয়েছে।
আগামী সপ্তাহে আরো ২ লাখ ১৮ হাজার টিকা বরাদ্দ পাবে লস এঞ্জেলেস কাউন্টি৷ এলএবাংলাটাইমস/ওএম
আগামী সপ্তাহে আরো ২ লাখ ১৮ হাজার টিকা বরাদ্দ পাবে লস এঞ্জেলেস কাউন্টি৷ এলএবাংলাটাইমস/ওএম