লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার ১৬ থেকে ৬৪ বয়েসীরা টিকা পাবেন মার্চে

১৬ থেকে ৬৪ বছর বয়েসী বাসিন্দাদের মধ্যে যাদের শারীরিক জটিলতা রয়েছে, তাদের আগামী মার্চের ১৫ তারিখ থেকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হতে পারে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ক্যালিফোর্নিয়ার হেলথ ডিপার্টমেন্ট সংবাদ বুলেটিনে এই কথা জানান। শারীরিক জটিলতার মাত্রা ও কাদের টিকা নেয়া দ্রুত প্রয়োজন, সেটি স্বাস্থ্যকর্মীরা ঠিক করবেন শীঘ্রই। প্রাথমিকভাবে শারীরিক জটিলতার বিষয়ে একটি খসড়া তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সেটি হলো- ১) ক্যান্সারে আক্রান্ত রোগী (নির্দিষ্ট শারীরিক মাত্রা) ২) ক্রনিক কিডনি ডিজিজ (স্টেজ ফোর কিংবা তার উপরে) ৩) ক্রনিক পালমুনারি ডিজিজ (অক্সিজেন সাপোর্ট) ৪) ডাউন সিন্ড্রোম ৫) প্র‍্যাগনেন্সি ৬) হার্ট ডিজিজ (হার্ট ফেইলর কিংবা করোনারি আর্টিলারি ডিজিজ) ৭) মাত্রাতিরিক্ত স্থুলতার রোগী ৮) ডায়াবেটিস রোগী (টাইপ-টু, হিমোগ্লোবিনের মাত্রা ৭ দশমিক ৫ শতাংশের বেশি) এছাড়া অন্যান্য কোনো কারণে শারীরিক জটিলতা কিংবা করোনার কারণে শারীরিক জটিলতায় ভোগা বাসিন্দারাও টিকা পাবেন। যাদের করোনার কারণে মৃত্যুঝুঁকি দেখা দিয়েছে বা অন্যান্য কারণে শারীরিক জটিলতা রয়েছে, তাদের টিকা দেওয়া হবে। রাজ্যের হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি ড. মার্ক ঘ্যালি বলেন, 'মার্চের ১৫ তারিখ থেকে টিকা দেওয়া শারীরিক জটিলতা সম্পন্ন বাসিন্দাদের। তবে বাসিন্দাদের শারীরিক জটিলতা কীভাবে নির্ণয় করা হবে ও কী কাগজপত্রের প্রয়োজন হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি'। এই তালিকায় প্রায় ৪০ থেকে ৬০ লাখ বাসিন্দা টিকা গ্রহণ করবেন। বিভিন্ন ক্যাটাগরির প্রায় এক কোটির বেশি বাসিন্দাকে আগামী মাসে টিকা দেওয়া হবে। বর্তমানে স্বাস্থ্যসেবী, জরুরি সেবা খাতে নিয়োজিত কর্মী ও ৬৫ বছরের বেশি বয়েসী বাসিন্দাদের টিকা দেওয়া হচ্ছে। এদিকে লস এঞ্জেলেস কাউন্টিতে টিকা সংকট দেখা দেওয়ায় ডজার স্টেডিয়াম টিকাকেন্দ্রসহ আরো ৪টি টিকাকেন্দ্র বন্ধ রাখা রয়েছে শুক্রবার ও শনিবার। এলএবাংলাটাইমস/ওএম