লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়া ডিএমভির তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকেল (ডিএমভি) এর গ্রাহকদের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। তাই ডিএমভি চালকদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। ফেব্রুয়ারিতে সিয়াটলভিত্তিক বিলিং কন্ট্রাক্টর প্রতিষ্ঠান অটোমেটিক ফান্ডস সার্ভিসেস এর তথ্য চুরি করে হ্যাকাররা। সেখান থেকে মূলত ডিএমভির গ্রাহকদের তথ্য চুরি হয়েছে। ডিএমভির সাথে ওই প্রতিষ্ঠানটি ২০১৯ সালের মধ্য থেকে কাজ শুরু করেছে। ডিএমভি তার গ্রাহকদের ঠিকানা নিশ্চিত এই প্রতিষ্ঠানের সাথে সমন্বিত হয়ে কাজ করে থাকে। ডিএমভি সূত্র জানায়, অটোমেটিক ফান্ডস সার্ভিসেস এর ডাটাবেজ একটি মালওয়্যারের মাধ্যমে হ্যাকার উন্মুক্ত করে ফেলে। সেখান থেকেই ২০১৯ এর মধ্য থেকে এখন পর্যন্ত এন্ট্রি করা গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে তারা। জানা গেছে, গ্রাহকদের নাম, ঠিকানা, লাইসেন্স প্লেট নাম্বার ও ভেহিকেল আইডেন্টিফিকেশন নাম্বার চুরি করেছে হ্যাকাররা। ডিএমভির মুখপাত্র আনিকা গরে বলেন, 'অন্তত ৩৮ মিলিয়ন গ্রাহকের তথ্য বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে'। তবে কর্তৃপক্ষ দাবি করেছে, চুরি যাওয়া তথ্যগুলোর মধ্যে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, জন্ম তারিখ বা ইমিগ্রেশন স্ট্যাটাস নেই। এর আগে ২০১৯ সালে আরেকবার ডিএমভির তথ্য হাতিয়ে নিয়েছিলো হ্যাকাররা। একই সাথে তখন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ও ইন্টার্নাল রেভিনিউ সার্ভিসের তথ্যও চুরি হয়েছিলো। এলএবাংলাটাইমস/ওএম