লস এঞ্জেলেস

অরেঞ্জ কাউন্টিতে চালু হচ্ছে নতুন টিকাদান কেন্দ্র

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে নতুন আরেকটি টিকাদান কেন্দ্র চালু করেছে কর্তৃপক্ষ। এনাহেইম কনভেনশন সেন্টারকে টিকাদান কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে৷ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) থেকে অরেঞ্জ কাউন্টির এনাহেইম কনভেনশন সেন্টারে টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার থেকে টিকাদান কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও মডার্নার টিকার ১৬ হাজার ডোজ বরাদ্দ পাওয়ার পর মঙ্গলবার থেকেই টিকাদান কার্যক্রম শুরু করা হচ্ছে বলে জানিয়েছেন অরেঞ্জ কাউন্টি সিইও ফ্র‍্যাঙ্ক কিম। লস এঞ্জেলেস কাউন্টির মতো অরেঞ্জ কাউন্টিতেও টিকা সংকট রয়েছে। বৈরি আবহাওয়ার কারণে বেশ কিছু টিকার ডোজ পরিবহণ আটকে ছিলো। ফলে ডিজনিল্যান্ড টিকাদান কেন্দ্রও বন্ধ রাখা হয়েছিলো। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) থেকে লস এঞ্জেলেসের বন্ধ টিকাদান কেন্দ্রগুলো আবার খুলে দেয়া হয়েছে। গত সপ্তাহে টিকা সংকটের কারণে ডজার স্টেডিয়াম টিকাকেন্দ্রসহ বৃহৎ ছয়টি টিকা কেন্দ্র বন্ধ ছিলো। ১২ হাজার বাসিন্দার এপয়েনমেন্ট নির্ধারিত সময়ে দেয়া সম্ভব হয়নি এর ফলে। এলএবাংলাটাইমস/ওএম