লস এঞ্জেলেস

স্বয়ংক্রিয়ভাবে বাড়বে ক্যালিফোর্নিয়াবাসীর কর্মহীন ভাতার সময়সীমা: ইডিডি

প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত ১ হাজারের ৯০০ কোটি ডলারের তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজ পাশ হয়েছে। এই প্যাকজের আওতায় আনএমপ্লয়মেন্ট ভাতা হিসেবে সপ্তাহে ৩০০ ডলার করে ভাতা পাবেন করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীনেরা। মূলত দ্বিতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজের আওতায় কর্মহীন ভাতার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে ১৪ মার্চ। তবে তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজের আওতায় কর্মহীন ভাতার মেয়াদ সেপ্টেম্বরের ৬ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। কর্মহীন ভাতার মেয়াদ বর্ধিত করায় স্বস্তি ফিরে পেয়েছে ক্যালিফোর্নিয়াসহ অন্যান্য রাজ্যের কর্মহীনেরা। ক্যালিফোর্নিয়া আনএমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (ইডিডি) শুক্রবার (১২ মার্চ) জানিয়েছে, যারা গত এক বছর ধরে কর্মহীন ভাতা পেয়ে আসছেন, স্বয়ংক্রিয়ভাবে তাদের ভাতার সময়সীমা আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হবে। তবে ইডিডির আরো বড় দুইটি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এর মধ্যে একটি হচ্ছে, যারা গত ১২ মাস যাবত কর্মহীন হয়ে আছে, তাদের নতুন করে কর্মহীনতার আবেদন করতে হবে। একই সাথে জালিয়াতি ঠেকাতে প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট এসিসট্যান্স (পিইউএ) এর আওতায় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই এর প্রক্রিয়া রয়েছে। তবে বাড়তি চাপ থাকার কারণে এই প্রক্রিয়াটি মোটেও সহজ হবে না। ইতোমধ্যে ইডিডির মাধ্যমে বিলিয়ন ডলার জালিয়াতদের হাতে চলে গেছে। এ নিয়ে আইনপ্রণেতাদের চাপের মুখে পড়তে হয়েছিলো ইডিডি’কে। একই সাথে এটির ধীর গতির কাজের কারণেও সমালোচিত হয়েছে প্রতিষ্ঠানটি। এলএবাংলাটাইমস/ওএম