লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে কমেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

লস এঞ্জেলেস কাউন্টিতে তিন মাসের মধ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। গত নভেম্বরের পরে আক্রান্তের সংখ্যা প্রথম ১ হাজারের নিচে নেমে এসেছে। একই সাথে হাসপাতালে করোনা রোগীর সংখ্যাও কমেছে। লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলোতে বর্তমানে ৭৭৯ জন করোনা রোগী ভর্তি রয়েছে। কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র মতে, শনিবার (১৩ মার্চ) লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মারা গেছে ৪২ জন। শীতের শুরুর দিকের মৃতের সংখ্যা বিবেচনায় সংখ্যাটি অনেক কম। লস এঞ্জেলেস কাউন্টিতে মৃত ও আক্রান্তের সংখ্যা কমায় স্বস্তি প্রকাশ করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ক্যালিফোর্নিয়া রাজ্যের সবচেয়ে জনবহুল কাউন্টি লস এঞ্জেলেস এক সময় করোনার সংক্রমণের 'হট স্পট' হয়ে উঠেছিলো। এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে ২০ লাখ ডোজ টিকাদান সম্পন্ন হয়েছে। একই সাথে মৃত ও আক্রান্তের সংখ্যা কমতে থাকায় করোনা নিষেধাজ্ঞা শিথিল করেছে কাউন্টি কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়ার চার-স্তর টায়ার অনুসারে, লস এঞ্জেলেস কাউন্টিসহ আরো ১৩টি কাউন্টি সবচেয়ে কড়াকড়ি টায়ার 'পার্পেল জোন' থেকে কিছুটা শিথিল 'রেড জোনে' নেমে এসেছে। ফলে সোমবার থেকে লস এঞ্জেলেস কাউন্টির আরোপিত করোনা বিধিনিষেধ পরিবর্তিত হচ্ছে৷ সোমবার থেকে লস এঞ্জেলেস কাউন্টির করোনা নিষেধাজ্ঞায় কী পরিবর্তন আসছে, জেনে নিন! ১/ মিউজিয়াম, জিম এবং এক্যুরিয়ামগুলো তাদের সক্ষমতার ২৫ শতাংশ পর্যন্ত খুলে দিতে পারবে। ২/ জিম, ফিটনেস সেন্টার, ইয়োগা এবং ড্যান্স স্টুডিওগুলো তাদের সক্ষমতার ১০ শতাংশ পর্যন্ত খুলে দিতে পারবে। ৩/ মুভি থিয়েটারগুলো তাদের সক্ষমতার ২৫ শতাংশ বা সর্বোচ্চ ১০০ জন দর্শক গ্রহণ করতে পারবে। তবে সেক্ষেত্রে ৬ ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে আসনগুলো বিন্যাস করতে হবে। ৪/ রিটেইল এবং পার্সোনাল কেয়ার সার্ভিসগুলো তাদের সক্ষমতার ৫০ শতাংশ খুলে দিতে পারবে। পাশাপাশি সার্ভিসের সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। ৫/ রেস্টুরেন্টগুলো তাদের সক্ষমতার ২৫ শতাংশ পর্যন্ত খুলে দিতে পারবে অথবা সর্বোচ্চ ১০০ জনকে একত্রে গ্রহণ করতে পারবে। একই সাথে টেবিলগুলোর দূরত্ব পরস্পর থেকে ৮ ফুট দূরত্বে স্থাপন করতে হবে। শুধুমাত্র একই পরিবারের ছয়জন বাসিন্দা একত্রে এক টেবিলে বসতে পারবে। রেস্টুরেন্টগুলোতে ভ্যান্টিলেশন ব্যবস্থা থাকতে হবে এবং রেস্টুরেন্টের কর্মীদের বাড়তি মাস্ক ব্যবহার করতে হবে ও ফেইস শিল্ড ব্যবহার করতে হবে। অপরদিকে আউটডোর ডাইনিং এর ক্ষেত্রে তিনটি পরিবারের বাসিন্দারা একত্রে এক টেবিলে বসতে পারবে।      ৬/ উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলো করোনা থেকে সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে সকল কার্যক্রম চালু করতে পারবে। তবে স্পিং সেমিস্টারের জন্য কোনো শিক্ষার্থী আবাসিকভাবে থাকতে পারবে না। আর ক্লাস ৭ থেকে ১২ গ্রেডের স্কুলগুলো চাইলে ক্লাসরুমে শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে পারে তবে এক্ষেত্রে অবশ্যই করোনার স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।  ৭/ প্রাইভেট গেদারিং এর ক্ষেত্রে ঘরোয়াভাবে সর্বোচ্চ তিনটি পরিবারর বাসিন্দা একত্রিত হতে পারবে, তবে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। যেসব বাসিন্দাদের টিকা নেওয়া সম্পন্ন হয়েছে, তারা ছোট পরিসরে মাস্ক ও সামাজিক দূরত্ব ছাড়াই মেলামেশা করতে পারবে। একই সাথে স্টেট গাইডলাইন অনুযায়ী, এপ্রিল থেকে থিম পার্কগুলো তাদের সক্ষমতার ১৫ শতাংশ পর্যন্ত খুলে দিতে পারবে। অপরদিকে বলপার্কস ও স্টেডিয়ামগুলো তাদের সক্ষমতার ২০ শতাংশ পর্যন্ত খুলে দিতে পারবে। লস এঞ্জেলেসের স্বাস্থ্য কর্মকর্তারা নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টিকে স্বাগত জানালেও বাসিন্দাদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। তারা বলেন, স্বাস্থ্যবিধিগুলো মেনে না চললে পরবর্তীতে আরো ক্ষতির আশংকা রয়েছে এবং সংক্রমণ আরো বাড়তে পারে। এলএবাংলাটাইমস/ওএম