লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে তরুণদের মধ্যে কমেনি সংক্রমণ: উদ্বিগ্ন স্বাস্থ্য কর্মকর্তারা

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা আক্রান্তের সংখ্যা কমছে, গতিশীল হয়েছে টিকাদান কর্মসূচি। তবে তরুণ ও মিধ্য-বয়েসী বাসিন্দাদের মধ্যে সংক্রমণের হার তেমন কমেনি। ফলে এই বিষয়টিও নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। লস এঞ্জেলেস কাউন্টির হেলথ ডিরেক্টর ড. বারবারা ফেরের শনিবার (২০ মার্চ) এই কথা জানান। কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরের জানান, ‘করোনার সার্বিক পরিস্থিতির উন্নতি হলেও তরুণ ও মধ্য-বয়েসীদের মধ্যে সংক্রমণের হার তেমন একটা কমেনি। বাসিন্দারা যদি করোনার স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে না চলে, তবে সার্বিক সংক্রমণ আবারো বাড়তে পারে’। সম্প্রতি লস এঞ্জেলেস কাউন্টির ব্যবসাপ্রতিষ্ঠান ও থিম পার্কগুলোতে করোনা বিধিনিষেধ শিথিল করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বাসিন্দারা যদি করোনার স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে না চলে, তবে আবারো সংক্রমণ বেড়ে যেতে পারে। বারবারা ফেরের জানান, ‘অনেক তরুণ বাসিন্দাই করোনার স্বাস্থ্যবিধি না মেনে চলে বাইরের অন্যান্য অনেকের সাথে মেলামেশা করছে। ফলে কোনো রকম উপসর্গ ছাড়াই করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে’। সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা সংক্রমিতদের বেশিরভাগের গড় বয়স ৫০ বছরের কম। অপরদিকে, মৃতদের মধ্যে সাধারণত বয়স্ক বাসিন্দাদের সংখ্যা বেশি। শনিবার লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৫২১ জন বাসিন্দা। এর মধ্যে ৭০ শতাংশ বাসিন্দার বয়স ৫০ বছরের কম। একই দিনে মারা গেছে আরো ৫৬ জন বাসিন্দা। এর মধ্যে ৯৩ শতাংশ বাসিন্দার বয়স ৫০ বছরের বেশি। লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথন সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। স্বাস্থ্য কর্মকর্তারা বাসিন্দাদের করোনার সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়ে বলেন-সংক্রমণ থেকে সুরক্ষা পেতে মাস্ক ব্যবফার, সামাজিক দূরত্ব মেনে চলা ও জনসমাগম এড়িয়ে চলতে হবে। স্বাস্থ্য কর্মকর্তারা আরো জানান, লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দারা রেস্টুরেন্টে বসে আহারের অনুমতি পেলেও সবচেয়ে বেশি সুরক্ষা পাওয়া যাবে জনসমাগম এড়িয়ে বাহিরে বসে আহার করলে। এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা শুরু হওয়ার পর থেকে মারা গেছে ২২ হাজার ৭৭৭ জন বাসিন্দা আর আক্রান্ত হয়েছে ১২ লাখ ১৩ হাজার ৭৮৪ জন বাসিন্দা। এলএবাংলাটাইমস/ওএম