লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে করোনা আক্রান্ত ও মৃত্যু কমেছে

লস এঞ্জেলেস কাউন্টিতে অব্যাহতভাবে কমছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংক্রমণের এই ধারা বজায় থাকলে খুব শীঘ্রই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপর থেকে করোনা নিষেধাজ্ঞা শিথিল করা হবে। লস এঞ্জেলেস পাবলিক হেলথ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, রবিবার (২১ মার্চ) লস এঞ্জেলেস কাউন্টিতে ৪৩৮ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। একই দিনে মারা গেছেন আরো ২০ জন বাসিন্দা। গত সপ্তাহের থেকে আক্রান্ত ও মৃতের সংখ্যা দুইটিই কমেছে। গত সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে সাতদিনে গড়ে প্রতিদিন ৫৯০ জন করে বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছে। আগের দুই সপ্তাহ থেকে সংখ্যাটি ৬২ শতাংশ কম। এছাড়া রবিবার করোনার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৭৫০ জন বাসিন্দা। গত সপ্তাহগুলোর থেকে এটি ৩৩ শতাংশ কম। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, আক্রান্ত ও মৃতের সংখ্যা যদি এভাবে কমতে থাকে, তবে খুব শীঘ্রই রেড টায়ার থেকে অরেঞ্জ টায়ারে নেমে আসতে পারে লস এঞ্জেলেসের করোনা বিধিনিষেধ। অরেঞ্জ টায়ারে নেমে আসলে পানশালা, রেস্টুরেন্ট, চার্চ, জিম, মিউজিয়াম ও থিয়েটারগুলো আরো বড় আকারে খুলে দেওয়া হবে। লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা আক্রান্তের সংখ্যা কমছে, গতিশীল হয়েছে টিকাদান কর্মসূচি। তবে তরুণ ও মিধ্য-বয়েসী বাসিন্দাদের মধ্যে সংক্রমণের হার তেমন কমেনি। ফলে এই বিষয়টিও নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। কাউন্টি হেলথ ডিরেক্টর বারবারা ফেরের জানান, ‘করোনার সার্বিক পরিস্থিতির উন্নতি হলেও তরুণ ও মধ্য-বয়েসীদের মধ্যে সংক্রমণের হার তেমন একটা কমেনি। বাসিন্দারা যদি করোনার স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে না চলে, তবে সার্বিক সংক্রমণ আবারো বাড়তে পারে’। সম্প্রতি লস এঞ্জেলেস কাউন্টির ব্যবসাপ্রতিষ্ঠান ও থিম পার্কগুলোতে করোনা বিধিনিষেধ শিথিল করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বাসিন্দারা যদি করোনার স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে না চলে, তবে আবারো সংক্রমণ বেড়ে যেতে পারে। বারবারা ফেরের জানান, ‘অনেক তরুণ বাসিন্দাই করোনার স্বাস্থ্যবিধি না মেনে চলে বাইরের অন্যান্য অনেকের সাথে মেলামেশা করছে। ফলে কোনো রকম উপসর্গ ছাড়াই করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে’। সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা সংক্রমিতদের বেশিরভাগের গড় বয়স ৫০ বছরের কম। অপরদিকে, মৃতদের মধ্যে সাধারণত বয়স্ক বাসিন্দাদের সংখ্যা বেশি। এলএবাংলাটাইমস/ওএম