আগামী এপ্রিল মাস থেকে লস এঞ্জেলেসের পাবলিক স্কুলগুলো খুলে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে লস এঞ্জেলেস টিচার্স ইউনিয়ন। ইন-পারসন এবং ভার্চুয়াল-দুই পদ্ধতিতে ক্লাস শুরু করার পরিকল্পনা প্রস্তাবে রাজি হয়েছে টিচার্স ইউনিয়ন।
গত এক বছরে যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো করোনার কারণে বন্ধ রয়েছে এবং ভার্চুয়াল পাঠদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। নির্বাচনের আগে প্রেসিডেন্ট জো বাইডেন কথা দিয়েছিলেন যে, যতো দ্রুত সম্ভব তিনি শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে আনতে চান। এরই প্রেক্ষিতে ভাইরাসের সংক্রমণ না ঘটিয়ে শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করেছে লস এঞ্জেলেস কর্তৃপক্ষ।
লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুলের (এলএইউএসডি) শিক্ষা কর্মকর্তারা এলিমেন্টারি এবং প্রি-স্কুলগুলোতে মধ্য-মার্চে ইন-পারসন ক্লাস শুরু করার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করেছে। অপরদিকে কালস সেভেন থেকে টুয়েলভ গ্রেডের শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে আনা হবে এপ্রিল মাসের শেষের দিকে।
ইউনিফাইড টিচার্স লস এঞ্জেলেস ইউনিয়ন প্রেসিডেন্ট সিসিলি মিয়ার্ট-ক্রুজ এক বিবৃতিতে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে আনার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করেছি এবং এই ব্যাপারে সম্মত হয়েছি। তবে এখনো করোনার অগ্রগতি বিষয়ে আমরা পুরোপুরি নিশ্চিত না হওয়ায় আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে করোনা থেকে সুরক্ষা নিশ্চিত করা’।
নতুন প্রস্তাবনা অনুযায়ী, এলিমেন্টারি স্কুলের শিক্ষকদের কোনো জরুরি মেডিকেল কন্ডিশন না থাকলে ক্লাসরুমে এসে ক্লাস নিতে হবে। অপরদিকে সেকেন্ডারি ক্লাসেরে শিক্ষকেরা ভার্চুয়ালি ক্লাস নিবেন। একই সাথে ক্লাসরুমে শিক্ষার্থী বেশি হয়ে গেলে ক্লাসের বাইরে আউটডোর টেন্ট তৈরি করে ক্লাস নেওয়ার ব্যাপারেও পরিকল্পনা করেছে।
এদিকে, গত শুক্রবার ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সূত্র জানিয়েছে, ক্লাসরুমে শিক্ষার্থীরা যদি মাস্ক ব্যবহার করে, তবে ছয় ফুটের বদলে তিন ফুট সামাজিক দূরত্বই যথেষ্ট।
টিচার্স ইউনিয়ন জানিয়েছে, এই পরিবর্তনে সুরক্ষার কোনো তারতম্য হবে না। একই সাথে পার্সোনাল এক্যুইপমেন্ট, ভেন্টিলাইজেশন ও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হবে।
এলএবাংলাটাইমস/ওএম